মহানায়কের শতবর্ষে হাওড়ার আবাসনে রূপোলি পর্দা! বি-গার্ডেনের চমকে চমকে যাবেন আপনিও – এবেলা

এবেলা ডেস্কঃ
হাওড়ার বোটানিক্যাল গার্ডেন আইএইচই আবাসনের ঐতিহ্যবাহী দুর্গাপুজো এবার ৭৫ বছর অতিক্রম করে উদযাপনে ভিন্ন মাত্রা যোগ করছে। মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষকে শ্রদ্ধা জানাতে পুজো কমিটি গ্রহণ করেছে বিশেষ ‘অতি উত্তম’ থিম। পুরোনো দিনের স্টুডিও পাড়ার আবহ ফুটিয়ে তুলতে আলোকসজ্জা, প্রবেশদ্বার থেকে মণ্ডপ পর্যন্ত সিনেমার পোস্টার এবং বিভিন্ন অভিনয়ের ছবিতে সাজানো হচ্ছে পুরো প্রাঙ্গণ। প্রায় ২০০ মিটার জুড়ে আঁকা আল্পনায় ফুটিয়ে তোলা হবে নিখাদ বাঙালিয়ানা। সাবেকী দুর্গা প্রতিমার এই মণ্ডপটিই এবার দর্শনার্থীদের জন্য হতে চলেছে বিশেষ আকর্ষণ।
পঞ্চমীর শুভ দিনে সাবেকী সাজের প্রতিমা ও এই বিশেষ মণ্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন হতে চলেছে। ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনে নির্মিত এই পুজোয় রয়েছে আরও সামাজিক নানা উদ্যোগ। মহালয়ার দিন আবাসিকদের তৈরি পূজাবার্ষিকী ‘কাশফুল’-এর উন্মোচনের পাশাপাশি বৃক্ষরোপণ এবং বস্ত্রবিতরণের কর্মসূচি নেওয়া হয়েছে। সাধারণ শ্রমজীবী মানুষের হাতে শুরু হওয়া একচালার এই দুর্গাপুজো বর্তমানে সংস্কৃতি ও সামাজিক অবদানের অনন্য দৃষ্টান্ত গড়ে তুলে জেলা ও রাজ্যের সেরা পুজোভাবনার সারিতে নিজের স্থান সুদৃঢ় করেছে।
