মহালয়ায় গঙ্গায় তর্পণ করতে গিয়ে তলিয়ে গেলেন দুই বন্ধু নোদাখালিতে – এবেলা

এবেলা ডেস্কঃ
পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করতে গিয়ে দক্ষিণ ২৪ পরগনার নোদাখালিতে গঙ্গায় তলিয়ে গিয়েছেন দুই বন্ধু। মহালয়ার সকালে বিষ্ণুপুরের বিবিরহাট এলাকা থেকে তিন বন্ধু নোদাখালি থানার রায়পুর নিত্যার মাঠ এলাকার হুগলি নদীর ঘাটে গিয়েছিলেন। গঙ্গার জলে নামার সময় সেখানে ভাটা চলছিল। সেই ভাটার টানেই চয়ন সামন্ত ও সাওন হালদার নামের দুই তরুণ ভেসে যান এবং মুহূর্তের মধ্যে তলিয়ে যান। তাঁদের বয়স আঠারো থেকে বাইশ বছরের মধ্যে বলে জানা গিয়েছে।
ঘাটে উপস্থিত লোকজন উদ্ধারের চেষ্টা চালালেও তাঁদের নাগাল পাওয়া সম্ভব হয়নি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও এনডিআরএফ কর্মীরা। নিখোঁজ দুই যুবকের সন্ধানে বোটে করে গঙ্গায় তল্লাশি অভিযান শুরু হয়েছে এবং ডুবুরি নামানো হয়েছে। প্রাথমিক অনুমান, ওই তরুণরা সাঁতার জানতেন না। এই আকস্মিক ও মর্মান্তিক ঘটনায় দুই তরুণের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। নিখোঁজ যুবকদের খোঁজে তল্লাশি অব্যাহত রয়েছে।
