মাঝআকাশে রক্তাক্ত পাইলটের আসাম সাহসিকতায় রক্ষা ১৭৪ প্রাণ, সলমনের পর শাহরুখের কুর্নিশ!

সৌদি আরবের আকাশসীমায় ফ্লাইদুবাইয়ের একটি বিমানে সহ-পাইলটের প্রাণঘাতী ছুরিকাঘাতের শিকার হয়েও চরম বুদ্ধিমত্তা ও সাহসিকতার পরিচয় দিলেন ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ২৭ জন শিশুসহ ১৭৪ জন যাত্রী নিয়ে বিমানটি দুবাই থেকে তেল আভিভ যাচ্ছিল। আশঙ্কাজনক ও রক্তাক্ত অবস্থায় জীবনের পরোয়া না করে স্মিত ককপিটের দরজা খুলে দিতে সক্ষম হন, যার ফলে ক্রু ও যাত্রীরা দ্রুত ভেতরে ঢুকে আক্রমণকারীকে কাবু করেন। পরবর্তীতে অন্য দুই পাইলট বিমানটি সৌদি আরবের তাবুক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করান।
হাসপাতালের বেড থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে কথা বলে নিজের এই অভিজ্ঞতার কথা জানান ক্যাপ্টেন স্মিত। নিঃস্বার্থ বীরত্ব ও দায়িত্ববোধের জন্য বর্তমানে চিকিৎসাধীন এই পাইলটকে কুর্নিশ জানিয়েছেন বলিউড তারকা শাহরুখ খান ও সলমন খান। ‘এক্স’ হ্যান্ডেলে বার্তা দিয়ে শাহরুখ তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন এবং সলমনও তাঁকে শ্রদ্ধা জানান। এছাড়া করণ জোহর, রণবীর সিং, ভিকি কৌশল ও আর মাধবনের মতো তারকারাও ১৭৪ জনের জীবন রক্ষাকারী এই বীর পাইলটের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।
