মাঠে ৫ গোল করার জাদুকরী পুরস্কারই কি এনে দিল প্রাণঘাতী হামলা! আশঙ্কাজনক অবস্থায় এনআরএসে চিকিৎসাধীন তরুণ ফুটবলার – এবেলা

এবেলা ডেস্কঃ
পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের গৈতানপুরে আয়োজিত একটি ফুটবল টুর্নামেন্টে একা পাঁচ গোল করে আয়োজকদের ঘোষিত ৫০০ টাকা পুরস্কার নিতে গিয়ে নির্মম আক্রমণের শিকার হলেন কৌশিক মুখোপাধ্যায় নামে এক ফুটবলার। অভিযোগ, শনিবার ঘোষিত অর্থ চাওয়ামাত্রই ক্লাব কর্তৃপক্ষের একাংশ তাঁর সঙ্গে চরম দুর্ব্যবহার শুরু করে। এর প্রতিবাদ জানালে আয়োজকেরা বাঁশ ও লোহার রড দিয়ে ওই খেলোয়াড়কে বেধড়ক মারধর করে। রক্তসংকটজনক অবস্থায় স্থানীদের সহায়তায় প্রথমে বর্ধমান মেডিক্যাল কলেজে ভর্তি করা হলেও শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটায় তাঁকে কলকাতার এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। প্রহৃত ফুটবলারের মা চৈতালি মুখোপাধ্যায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে তড়িঘড়ি তদন্তে নেমে খণ্ডঘোষ থানার পুলিশ সুমন দাস ও মধুসূদন রায় নামে দুই আয়োজককে গ্রেফতার করেছে। ধৃতদের বর্ধমান সিজেএম আদালতে তোলা হলে বিচারক তাঁদের ২৫ অক্টোবর পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেন। মাঠে অসামান্য পারফরম্যান্সের পর সামান্য পুরষ্কারের টাকা চাওয়াকে কেন্দ্র করে এমন অমানবিক হামলার ঘটনায় স্তম্ভিত ক্রীড়ামোদী মহল। ঘটনার নেপথ্যে অন্য কোনো পুরনো শত্রুতা বা গভীর রহস্য রয়েছে কি না, তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে পুলিশ।
