মাঠ কাঁপালেও টাকার অভাবে নাম কাটা গেল অভিষেকের দলের? তুঙ্গে জোর জল্পনা – এবেলা

এবেলা ডেস্কঃ
দেশের ফুটবলের শীর্ষস্তরে নিজেদের যোগ্যতায় জায়গা করে নিলেও চরম আর্থিক সংকটের মুখে পড়ে শেষ পর্যন্ত ঘরোয়া শীর্ষ ফুটবল লিগ থেকে ছিটকে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল ডায়মন্ড হারবার এফসি। নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রয়োজনীয় পার্টিসিপেশন ফি জমা না দিতে পারায় তাদের ছাড়াই আসন্ন মরশুমের টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। মাত্র কয়েক বছরে উল্কার গতিতে জাতীয় ফুটবলে উত্থান ঘটলেও, মাত্র ৫৫ লক্ষ টাকার প্রথম কিস্তি মেটাতে ব্যর্থ হওয়ায় শেষ পর্যন্ত বাদ পড়তে হলো ক্লাবটিকে। এর ফলে আগামী ২০২৬-২৭ মরশুমে মোট ১৩টি ক্লাবকে নিয়েই এই মেগা টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে চলেছে।
আইএসএলে অংশ নিতে না পারার পাশাপাশি ক্লাবটিকে ঘিরে শুরু হয়েছে নানা জটিলতা। সম্প্রতি রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই দুর্নীতির অভিযোগে বেশ কোণঠাসা অবস্থায় রয়েছে এই ফুটবল ক্লাবটি। নতুন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ দলের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও ম্যাচ ফিক্সিংয়ের মতো একাধিক গুরুতর অভিযোগ নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। সরকারিভাবে ক্লাবটির সামগ্রিক কর্মকাণ্ড খতিয়ে দেখার বার্তা আসায় তাদের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। একদিকে তীব্র আর্থিক অভাব আর অন্যদিকে প্রশাসনিক তদন্তের সাঁড়াশী চাপে কার্যত বন্ধের মুখে এসে দাঁড়িয়েছে ক্লাবটির সমস্ত ক্রীড়া কার্যক্রম।
