মাত্র ১০ টাকায় মিলবে পরিবেশবান্ধব ব্যাগ! প্লাস্টিক সরাতে বড় পদক্ষেপ রাজ্যের – এবেলা

এবেলা ডেস্কঃ
পরিবেশের সুরক্ষায় একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের দৌরাত্ম্য কমাতে বড় পদক্ষেপ করল তামিলনাড়ু সরকার। সাধারণ মানুষের মধ্যে পরিবেশবান্ধব কাপড়ের ব্যাগের ব্যবহার জনপ্রিয় করতে মাত্র ১০ টাকায় বিশেষ ব্যাগ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। অতীতে চালু থাকা এই প্রকল্পটির পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। সাধারণ মানুষের দোরগোড়ায় এই ব্যাগ সহজে পৌঁছে দিতে নেওয়া হয়েছে এক অভিনব সিদ্ধান্ত।
তামিলনাড়ু দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তরফে প্রকাশিত টেন্ডার অনুযায়ী, রাজ্যের ১০৫টি গুরুত্বপূর্ণ জায়গায় বিশেষ ভেন্ডিং মেশিন বসানো হবে। এই মেশিনগুলি থেকে মাত্র ১০ টাকার বিনিময়ে যে কেউ সহজেই কাপড়ের তৈরি এই পরিবেশবান্ধব ব্যাগ সংগ্রহ করতে পারবেন। নামমাত্র মূল্যে এই ব্যাগ সুলভ হওয়ায় দৈনন্দিন কেনাকাটায় প্লাস্টিকের ব্যবহার উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
