মাত্র ৫ টাকার অনলাইন লেনদেনতেই মহাবিপদ! গৃহবধূর ব্যাংক অ্যাকাউন্ট থেকে উধাও লাখ লাখ টাকা – এবেলা

এবেলা ডেস্কঃ
অসুস্থ শাশুড়ির চিকিৎসার জন্য অনলাইনে নার্সিংহোমের সন্ধান করতে গিয়ে সাইবার প্রতারকদের কবলে পড়লেন উত্তর কলকাতার এক গৃহবধূ। চিকিৎসকের পরামর্শে শাশুড়ির জন্য ‘রাইস টিউব’ কিনতে অনলাইনে একটি নম্বর খুঁজে পান তিনি। ফোনে যোগাযোগ করা হলে নিজেকে নার্সিংহোমের কর্মী পরিচয় দিয়ে এক ব্যক্তি ই-ওয়ালেটের মাধ্যমে মাত্র ৫ টাকা পাঠানোর অনুরোধ জানায়। সরল বিশ্বাসে ৫ টাকা পাঠানোর পরপরই ঘটে চরম বিপর্যয়। ওই মহিলার দুটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে মুহূর্তের মধ্যে গায়েব হয়ে যায় মোট ১ লাখ ৯০ হাজার টাকা।
ঘটনার আকস্মিকতায় হতভম্ব পরিবারটি তড়িঘড়ি উত্তর কলকাতার কাশীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, জালিয়াতরা অত্যন্ত চতুরতার সঙ্গে এক নতুন কৌশল বা ‘মোডাস অপারেন্ডি’ ব্যবহার করেছে। এমনকি ই-ওয়ালেটের সঙ্গে যুক্ত ছিল না এমন ব্যাংক অ্যাকাউন্টকেও কৌশলে যুক্ত করে পুরো টাকা হাতিয়ে নেওয়া হয়। বর্তমানে প্রতারকদের মোবাইল নম্বর ও ব্যাংক অ্যাকাউন্টের তথ্যের ওপর ভিত্তি করে ঘটনার কড়া তদন্ত চালাচ্ছে কাশীপুর থানার পুলিশ।
