মাধুরী দীক্ষিতের চিরসবুজ ত্বকের রহস্য: মেনে চলেন এই তিনটি নিয়ম

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিতের রূপের জেল্লা আজও বহু মানুষের কাছে ঈর্ষণীয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকের কোলাজেন উৎপাদন কমে যাওয়ায় বলিরেখা বা রিংকেলস দেখা দেওয়া স্বাভাবিক। তবে কোনো দামি ট্রিটমেন্ট নয়, বরং সাধারণ কিছু অভ্যাসের মাধ্যমেই নিজের ত্বককে সতেজ ও টানটান রাখেন এই অভিনেত্রী। সম্প্রতি এক পডকাস্টে তিনি তাঁর রূপচর্চার গোপন রহস্য তুলে ধরেছেন।
মাধুরীর স্কিনকেয়ার রুটিনের প্রথম এবং প্রধান শর্ত হলো ময়শ্চারাইজার। ত্বক পর্যাপ্ত আর্দ্রতা না পেলে রুক্ষ হয়ে যায়, যা বয়সের ছাপ দ্রুত ফুটিয়ে তোলে। তাই আবহাওয়া অনুযায়ী নিজের ত্বকের ধরন বুঝে নিয়মিত ময়শ্চারাইজার ব্যবহার করেন তিনি। এর পাশাপাশি রোদের ক্ষতিকর ইউভি রশ্মি থেকে বাঁচতে এসপিএফ ৩০ বা ৫০ যুক্ত সানস্ক্রিন ব্যবহার করা তাঁর রুটিনের অবিচ্ছেদ্য অংশ।
রূপচর্চায় মাধুরী তৃতীয় যে উপাদানটির ওপর ভরসা রাখেন, তা হলো রেটিনল। ভিটামিন এ-র এই বিশেষ রূপটি ত্বকের মেরামতিতে দারুণ কার্যকর। এটি বলিরেখা কমানোর পাশাপাশি ত্বকের কালো দাগছোপ দূর করতেও সাহায্য করে। তবে সংবেদনশীল ত্বকের ক্ষেত্রে বা নতুন ব্যবহারের আগে অবশ্যই ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া প্রয়োজন বলে মনে করেন অভিনেত্রী। সঠিক নিয়ম মেনে যত্ন নিলে যে কোনো বয়সেই ত্বক সুন্দর রাখা সম্ভব।
