মুখ্যমন্ত্রীর সফর ঘিরে আশায় বুক বাঁধছেন আলুচাষিরা!

পুরশুড়ায় মুখ্যমন্ত্রীর সভা: আলুচাষিদের বিশেষ প্যাকেজের অপেক্ষায় হুগলি
নিজস্ব প্রতিবেদন, হুগলি: রাজ্যের আলুচাষিদের দীর্ঘদিনের আর্থিক সংকট মোচনে বৃহস্পতিবার হুগলির পুরশুড়া থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো বিশেষ প্যাকেজ ঘোষণা করেন কি না, সেদিকেই তাকিয়ে রয়েছেন জেলার কৃষক ও ব্যবসায়ীরা। সরকারি কর্মসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ মুখ্যমন্ত্রী পুরশুড়া হাইস্কুল মাঠের অস্থায়ী হেলিপ্যাডে অবতরণ করবেন। সেখান থেকে তিনি সরাসরি সভামঞ্চে পৌঁছাবেন।
মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সভাস্থল ও সংলগ্ন এলাকায় কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ জানিয়েছেন, এদিনের সভায় প্রায় ৫০ হাজার মানুষ উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে কিষান সম্মাননিধি প্রকল্পের চেক প্রতীকীভাবে কয়েকজনের হাতে তুলে দেবেন মুখ্যমন্ত্রী। আজ থেকেই চাষিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পের অর্থ জমা পড়া শুরু হবে বলে সরকারি সূত্রে খবর।
দীর্ঘদিন ধরে চাহিদা ও জোগানের ভারসাম্যহীনতায় হুগলির হিমঘরগুলিতে প্রচুর আলু জমে রয়েছে। বাজারে আলুর কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় হিমঘরের ভাড়াসহ আনুষঙ্গিক খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন চাষিরা। গোঘাটের বিজেপি বিধায়ক প্রশান্ত দিগার জানান, আলুচাষি ও ব্যবসায়ীদের পক্ষ থেকে সার ও কীটনাশকের দাম কমানো, প্রতিটি ব্লকে মাটি পরীক্ষাকেন্দ্র স্থাপন এবং হিমঘরের ভাড়া ও বিদ্যুতের বিল কমাতে সরকারি ভর্তুকির দাবি জানানো হয়েছে। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মোস্তফা আশা প্রকাশ করেন যে, মুখ্যমন্ত্রী এই সংকট নিরসনে সুনির্দিষ্ট পরিকল্পনা ও দিশা প্রদান করবেন।
রাজনৈতিক মহলের ধারণা, আরামবাগকে পৃথক জেলা এবং কামারপুকুরকে পুরসভা করার ঘোষণার পাশাপাশি এদিন নতুন কোনো উন্নয়নমূলক উপহারও ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, গত ৫ নভেম্বর গড়বেতার সভা থেকেই মুখ্যমন্ত্রী পুরশুড়ার সভা থেকে আলুচাষিদের জন্য বিশেষ প্যাকেজ ঘোষণার ইঙ্গিত দিয়েছিলেন। এখন সেই ঘোষণার অপেক্ষায় প্রহর গুনছে হুগলি জেলার কৃষককুল।
