মেডিকেলের শৌচালয়ে রহস্যমৃত্যু রোগীর! চাঞ্চল্যকর দাবি পরিবারের, নেপথ্যে আসল কারণ কী? – এবেলা

মেডিকেলের শৌচালয়ে রহস্যমৃত্যু রোগীর! চাঞ্চল্যকর দাবি পরিবারের, নেপথ্যে আসল কারণ কী? – এবেলা

এবেলা ডেস্কঃ

জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে এক রোগীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। হাসপাতালের শৌচালয় থেকে চিকিৎসাধীন ওই যুবকের নিথর দেহ উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম দীপু দাস (৪৫), তিনি খড়িয়া পঞ্চায়েতের দেউনিয়াপাড়ার বাসিন্দা। তীব্র জ্বর নিয়ে কয়েক দিন আগে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং চিকিৎসায় সাড়াও দিচ্ছিলেন। ফলে শৌচালয়ের ভেতর হঠাৎ কীভাবে তাঁর মৃত্যু হলো, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ঘটনার সঠিক কারণ জানতে নিরপেক্ষ তদন্তের দাবিতে সরব হয়েছেন নিহতের পরিবার।

অন্যদিকে, হাসপাতাল কর্তৃপক্ষ রহস্যমৃত্যুর অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে। মেডিকেল কলেজের এমএসভিপি ডাঃ কল্যাণ খাঁ জানান, ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে অতিরিক্ত মদ্যপানের সমস্যায় ভুগছিলেন এবং শৌচালয়ে আচমকা স্ট্রোক হওয়ার কারণেই তাঁর মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার পর থেকেই হাসপাতালের নিরাপত্তা ও পরিষেবা নিয়ে চরম উৎকণ্ঠায় রয়েছেন অন্যান্য রোগী ও তাঁদের স্বজনেরা। আপাতত ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *