যুদ্ধবিরতির আড়ালে আরও শক্তিশালী ইরান, মিসাইল ও ড্রোন নিয়ে জেনারেল মুসাভির বিস্ফোরক দাবি!

আমেরিকার সঙ্গে চলমান দুই সপ্তাহের যুদ্ধবিরতির সুযোগকে কাজে লাগিয়ে ইরান তাদের সামরিক সক্ষমতা নজিরবিহীনভাবে বাড়িয়ে তুলেছে। ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার জেনারেল মুসাভি দাবি করেছেন, এই সময়ে দেশীয় প্রযুক্তিতে তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভাণ্ডার যুদ্ধপূর্ব পরিস্থিতির চেয়েও দ্রুতগতিতে সমৃদ্ধ করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘প্রেস টিভি’র বরাতে এই তথ্য সামনে আসার পর মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে।
জেনারেল মুসাভি জানান, ইরান যখন নিজস্ব প্রযুক্তিতে অস্ত্রের মজুত বাড়াচ্ছে, তখন প্রতিপক্ষ দেশগুলো বিদেশের ওপর নির্ভরশীল হওয়ায় গোলাবারুদ সরবরাহের সংকটে পড়েছে। বিশেষ করে হরমোজ প্রণালীর নিয়ন্ত্রণ ও আঞ্চলিক আধিপত্য বজায় রাখতে ইরান তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইউনিটগুলোকে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও আধুনিক করে তুলেছে। তেহরানের এমন পদক্ষেপের ফলে পরবর্তী সময়ে সংঘাত শুরু হলে তা আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইরান সুস্পষ্টভাবে জানিয়েছে যে, তারা এখন আগের চেয়ে অনেক বেশি সুসংগঠিত এবং যেকোনো হামলার জবাব দিতে প্রস্তুত।
