রবিবার ১৬ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, জারি ট্রাফিক নির্দেশিকা

হুগলি রিভার ব্রিজ কমিশনার্স অথরিটির উদ্যোগে বিদ্যাসাগর সেতুতে জরুরি মেরামতির কাজ করা হবে। সেতুর বিয়ারিং এবং অন্যান্য প্রয়োজনীয় যন্ত্রাংশ প্রতিস্থাপনের জন্য রবিবার টানা ১৬ ঘণ্টা এই সেতু দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতা পুলিশের পক্ষ থেকে মোটর ভেহিকেলস অ্যাক্ট অনুযায়ী এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে।
নির্দেশিকা অনুযায়ী, এজেসি বোস রোড থেকে আসা পশ্চিমমুখী গাড়িগুলিকে টার্ফ ভিউ থেকে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। সেখান থেকে সেন্ট জর্জেস গেট রোড ও স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজের দিকে যেতে হবে। একইভাবে কে পি রোড থেকে আসা গাড়িগুলিকে ১১ ফার্লং গেট থেকে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। খিদিরপুর থেকে সিজিআর রোড ধরে আসা পূর্বমুখী গাড়িগুলিকেও হেস্টিংস ক্রসিং থেকে ঘুরিয়ে বিকল্প পথে পাঠানো হবে।
এছাড়া ঘোড়াপাসের ওয়াই-পয়েন্টের র্যাম্প ব্যবহারকারী গাড়িগুলিকে ১১ ফার্লং গেটের দিকে ঘুরিয়ে দেওয়া হবে, যেখান থেকে তারা কে পি রোড ও রেড রোড হয়ে হাওড়া ব্রিজের দিকে যেতে পারবে। পরিস্থিতি অনুযায়ী শহরের অন্যান্য গুরুত্বপূর্ণ সংযোগকারী রাস্তাতেও যান চলাচলের পথ পরিবর্তন করতে পারে কলকাতা পুলিশ। মেরামতির কাজ চলাকালীন সাধারণ মানুষকে বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
