রহস্য উসকে বীরভূমে নাটক তত্ত্ব! হামলার পরেও কেন নীরব অনুব্রত, ছাড়া পেল ৩ যুবক? – এবেলা

এবেলা ডেস্কঃ
গতকাল বুধবার বিকেলে সিউড়ির তৃণমূল কার্যালয়ে বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলের ওপর প্রকাশ্যে লাঠি নিয়ে হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় জড়িত সন্দেহে আকাশ দেবনাথ, বান্টি বীরবংশী এবং রিশয় গোরক নামের ৩ যুবককে পুলিশ আটক করলেও মাঝরাতেই তাঁদের ছেড়ে দেওয়া হয়। পুলিশের দাবি, অভিযোগপত্র জমা দেওয়ার জন্য অনুব্রতর বোলপুরের বাড়িতে প্রতিনিধি পাঠানোসহ তাঁর অনুগামীদের বারবার অনুরোধ করা হলেও কেউ সাড়া দেননি। কোনো লিখিত অভিযোগ না পাওয়ায় বাধ্য হয়েই আইনি প্রক্রিয়ায় অভিযুক্তদের মুক্তি দিতে হয়। ঘটনার পর থেকেই এলাকা ছেড়ে লাপাত্তা সেই তিন যুবক, যাদের স্থানীয় বিজেপি সমর্থক বলে জানা গেছে। তবে একসময়ের দাপুটে নেতার ওপর হামলা হলেও কোনো প্রতিরোধ না করা এবং পরবর্তীতে পুলিশের কাছে অভিযোগ দায়ের না করায় রহস্য ঘনীভূত হচ্ছে।
এই অভাবনীয় নীরবতা ও পুলিশি নিষ্ক্রিয়তা রাজনৈতিক মহলে গুঞ্জন বাড়িয়েছে, যা তৃণমূল বিধায়ক কাজল শেখের ‘সাজানো নাটক’ তত্ত্বকেই জোরালো করে তুলছে। কাজলের দাবি ছিল, নিজের সরকারি নিরাপত্তা ফিরে পেতেই কেষ্ট এই হামলার নাটক রচনা করেছিলেন। হামলা চলাকালীন কেষ্টর অনুগামীরা কার্যালয়ে উপস্থিত থাকা সত্ত্বেও কেন বাধা দিলেন না এবং কেনই বা পুলিশি তদন্ত এড়াতে লিখিত অভিযোগ জানানো হলো না, তা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, অভিযুক্তদের জেরার মুখে ফেলে নাটক ফাঁস হওয়ার ভয় থেকেই কি এই নীরবতার পথ বাছা হলো? বীরভূমের রাজনীতির অলিন্দে এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে।
