রাজ্য কমিটি গড়ছে ঋতব্রত শিবির, তপসিয়ার বৈঠকে ঠিক হবে জেলা নেতৃত্ব – এবেলা

রাজ্য কমিটি গড়ছে ঋতব্রত শিবির, তপসিয়ার বৈঠকে ঠিক হবে জেলা নেতৃত্ব – এবেলা

এবেলা ডেস্কঃ

তপসিয়া: মমতা বন্দ্যোপাধ্যায়কে দলের চেয়ারপার্সন পদ থেকে সরিয়ে দেওয়ার পর এবার পূর্ণাঙ্গ সাংগঠনিক কাঠামো তৈরির পথে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিদ্রোহী তৃণমূল শিবির। শুক্রবার ও শনিবার তপসিয়ার একটি বোটিং ক্লাব রিসর্টে দু’দিনের বিশেষ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এই বৈঠক থেকেই দলের নতুন রাজ্য সভাপতি ও বিভিন্ন জেলা নেতৃত্বের নাম চূড়ান্ত করা হতে পারে বলে খবর।

কালীঘাটের সঙ্গে টক্কর: তৃণমূলের মূল রাশ নিজেদের হাতে রাখতে মরিয়া ঋতব্রত শিবির। গত ২২ মে নিউ টাউনের এক পাঁচতারা হোটেলে আয়োজিত বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে মধ্য হাওড়ার বিধায়ক অরূপ রায়কে দলের নতুন চেয়ারপার্সন হিসেবে ঘোষণা করা হয়। ওই বৈঠকেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, জাভেদ খান ও সন্দীপন সাহাকে সাধারণ সম্পাদক এবং আখরুজ্জামান আনসারিকে কোষাধ্যক্ষ করে ৩০ সদস্যের ওয়ার্কিং কমিটি গঠন করা হয়। নিজেদের ‘আসল তৃণমূল’ দাবি করে এই তালিকা নির্বাচন কমিশনেও জমা দেওয়া হয়েছে। বর্তমানে সেই সংক্রান্ত মামলা কমিশনের বিচারাধীন।

তপসিয়ার বৈঠকে লক্ষ্য: দলের ওপর নিজেদের নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করতেই এই নতুন উদ্যোগ। মেট্রোপলিটানে অস্থায়ী তৃণমূল ভবনের দখল নেওয়ার পর এবার রাজ্য ও জেলাস্তরে কমিটি গঠন করাই ঋতব্রত শিবিরের প্রধান লক্ষ্য। দু’দিনের এই গুরুত্বপূর্ণ সম্মেলনে দলের বিদ্রোহী বিধায়কদের পাশাপাশি জেলা স্তরের নেতা এবং বিধানসভা নির্বাচনে লড়া বেশ কয়েকজন প্রার্থী উপস্থিত থাকছেন।

কী বলছেন অরূপ রায়? সূত্রের খবর, সংশ্লিষ্ট নেতাদের সাংগঠনিক অভিজ্ঞতা ও রাজনৈতিক দক্ষতাকে কাজে লাগিয়ে তাঁদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হবে। এই প্রসঙ্গে অরূপ রায় বলেন, “আমাদের জাতীয় কর্মসমিতির বৈঠক শুরু হচ্ছে। সেখান থেকেই রাজ্য সভাপতি এবং বিভিন্ন জেলার সভাপতিদের নাম চূড়ান্ত করা হবে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *