“রাজ্য ডুবলে সিনেমাও ডুববে!” — টলিউডের ‘করুণ দশা’ নিয়ে সোচ্চার জিৎ – এবেলা

এবেলা ডেস্কঃ
আগামী ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে আসছে সুপারস্টার জিতের নতুন ছবি ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’। এই ছবিতে তাঁকে ঐতিহাসিক চরিত্র ‘অনন্ত সিংহ’-এর ভূমিকায় দেখা যাবে। কিন্তু ছবি মুক্তির ঠিক মুখেই কলকাতার চলচ্চিত্র শিল্পের বর্তমান মন্দাবস্থা এবং রাজ্যের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে অত্যন্ত স্পষ্ট ও জোরালো বক্তব্য রাখলেন অভিনেতা।
জিতের মতে, বিনোদন জগত কখনোই একটি রাজ্যের সাধারণ অর্থনৈতিক পরিস্থিতি থেকে আলাদা হতে পারে না। রাজ্যের আর্থিক পরিকাঠামো মজবুত হলে তবেই শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তার পাশাপাশি বিনোদন খাতেরও বিকাশ ঘটে।
সংবাদমাধ্যমের সামনে নিজের ক্ষোভ প্রকাশ করে জিৎ বলেন, “রাজ্যের আর্থিক অবস্থা ভালো থাকলে সব ক্ষেত্রেই তার ইতিবাচক প্রভাব পড়ে। মানুষের উপার্জনের পথ খোলা থাকা এবং পকেটে পর্যাপ্ত টাকা থাকা প্রয়োজন। পকেটে উদ্বৃত্ত টাকা থাকলেই মানুষ সিনেমা বা বিনোদনের পেছনে খরচ করতে পারে। কিন্তু রাজ্য অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হলে শুধু সিনেমাই নয়, প্রতিটি ইন্ডাস্ট্রির ওপরই তার মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ে।”
টলিউডের কাজের পরিধি কমে যাওয়ার পাশাপাশি তিনি সংবাদমাধ্যমের সংকটের কথাও স্মরণ করিয়ে দেন। জিতের ভাষায়, সিনেমা ইন্ডাস্ট্রি ও মিডিয়া একে অপরের পরিপূরক। আজ যদি ইন্ডাস্ট্রিতে কাজের সুযোগ ও নতুন ছবির সংখ্যা কমে যায়, তবে মিডিয়াও কন্টেন্ট সংকটে পড়বে। বর্তমানে ইন্ডাস্ট্রি দিন দিন ছোট হয়ে আসছে বলে তিনি উদ্বেগ প্রকাশ করেন।
ছবি মুক্তির প্রাক্কালে সুপারস্টার জিতের এই খোলামেলা ও বিস্ফোরক মন্তব্য এখন বিনোদন জগতের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।
