রাতের অন্ধকারে প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়ি থেকে সরছিল সরকারি ত্রাণ! হাতেনাতে ধরল ক্ষুব্ধ জনতা – এবেলা

এবেলা ডেস্কঃ
হিঙ্গলগঞ্জ: রাতের অন্ধকারে গাড়ি ভর্তি করে সরানো হচ্ছিল সরকারি ত্রিপল ও অন্যান্য ত্রাণ সামগ্রী! আর তা ঘিরেই হিঙ্গলগঞ্জের যোগেশগঞ্জ এলাকায় তুমুল উত্তেজনা ছড়াল। বৃহস্পতিবার গভীর রাতে প্রাক্তন তৃণমূল বিধায়ক দেবেশ মণ্ডলের বাড়ি থেকে সরকারি ত্রাণ সরানোর অভিযোগ তুলে গাড়ি আটকে ব্যাপক বিক্ষোভ দেখান স্থানীয়রা।
কী ঘটেছিল রাতে?
স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার গভীর রাতে সুন্দরবন লাগোয়া যোগেশগঞ্জ এলাকায় প্রাক্তন বিধায়কের বাড়ি থেকে একটি গাড়িতে প্রচুর ত্রিপল, ধান ঝাড়াই মেশিন, শাড়ি, গামছা ও মাছের খাবার তোলা হচ্ছিল। এই খবর ছড়িয়ে পড়তেই দলে দলে ছুটে আসেন স্থানীয় মানুষ। রাতের অন্ধকারে সরকারি ত্রাণ লুটের অভিযোগে গাড়িটি আটকে রেখে সোজা পুলিশে খবর দেন তাঁরা। এরপর রাতভর গাড়িটি পাহারা দেওয়ার পর শুক্রবার সকালেও এলাকায় নতুন করে বিক্ষোভ শুরু হয়।
প্রশাসন ও প্রাক্তন বিধায়কের দাবি:
সরকারি মালপত্র আত্মসাতের এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন তৃণমূল নেতা তথা প্রাক্তন বিধায়ক দেবেশ মণ্ডল। তিনি জানান, “বিধায়ক থাকাকালীন আমার কাছে কিছু ত্রাণ সামগ্রী মজুত ছিল। নির্বাচনের পর সেগুলো ফিরিয়ে নেওয়ার জন্য আমি নিজেই পুলিশ ও প্রশাসনের কাছে লিখিত আবেদন করেছিলাম। সেই অনুযায়ী পুলিশ পাহারায় জিনিসপত্র নিয়ে যাওয়ার সময়ই ভুল বোঝাবুঝির জেরে এলাকার মানুষ তা আটকে দেয়।”
পুলিশের তরফেও জানানো হয়েছে, প্রাক্তন বিধায়কের আবেদনের ভিত্তিতে প্রশাসনিক উদ্যোগেই ওই মজুত ত্রাণ সামগ্রী ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। গুজব ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষ গাড়িটি আটকে দেয়। তবে এই গন্ডগোলের সুযোগ নিয়ে রাতের অন্ধকারে বেশ কিছু ত্রাণ সামগ্রী লুট করা হয়েছে বলেও অভিযোগ পুলিশের। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
