রানাঘাটে জামিন পেলেন বিজেপি নেত্রী পিয়ালী বিশ্বাস

রানাঘাটের তালপুকুরপাড়া ইন্দ্রা কলোনিতে একটি জুয়ার আসরকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলায় জামিন পেলেন বিজেপি নেত্রী পিয়ালী বিশ্বাস। রানাঘাট আদালত তথ্যপ্রমাণের অভাব এবং পুলিশের জমা দেওয়া নথিতে অসঙ্গতির কারণে তাঁর জামিন মঞ্জুর করেছে। এই রায়ের ফলে স্থানীয় বিজেপি নেতৃত্বের মধ্যে স্বস্তি ফিরেছে।
ঘটনার সূত্রপাত পিয়ালী বিশ্বাসের একটি সোশ্যাল মিডিয়া লাইভ সম্প্রচারকে কেন্দ্র করে। তিনি ওই জুয়ার আসরে গিয়ে লাইভ করেছিলেন বলে অভিযোগ। এরপর জুয়ার আসরের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অভিযোগের ভিত্তিতে পুলিশ তাঁকে গ্রেফতার করে। তাঁর বিরুদ্ধে মারধর, গুরুতর জখম করা এবং তোলাবাজির মতো একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছিল।
মামলার শুনানির সময় আদালত পুলিশের কাছে অভিযোগকারীর চিকিৎসার রিপোর্ট এবং তোলাবাজি সংক্রান্ত তথ্যপ্রমাণ তলব করেছিল। ধৃতের আইনজীবী মৃন্ময় চ্যাটার্জি আদালতে দাবি করেন, পুলিশের জমা দেওয়া চিকিৎসার রিপোর্ট এবং অন্যান্য নথির সঙ্গে লিখিত অভিযোগের কোনো মিল নেই। তথ্যপ্রমাণের এই অসঙ্গতি তুলে ধরে তিনি জামিনের আবেদন জানান। উভয় পক্ষের সওয়াল-জবাব শোনার পর আদালত এই নির্দেশ দেয়।
