রামায়ণের শুটিংয়ে কঠোর নিয়ম মেনেছিলেন রণবীর কাপুর, জানালেন সহ-অভিনেত্রী

আসন্ন রামায়ণ ছবিতে ভগবান রামের চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর। এই চরিত্রকে পর্দায় ফুটিয়ে তুলতে অভিনেতা কতটা নিষ্ঠাবান ছিলেন, তা নিয়ে মুখ খুলেছেন ছবিতে তাঁর অনস্ক্রিন মা কৌশল্যা অর্থাৎ অভিনেত্রী ইন্দিরা কৃষ্ণন। তিনি জানিয়েছেন, শুটিং চলাকালীন রণবীরকে দেখে মনে হতো তিনি স্বয়ং রাম। চরিত্রের প্রতি পূর্ণ মর্যাদা দিতে অভিনেতা নিজের জীবনযাত্রায় বড় পরিবর্তন এনেছিলেন।
ইন্দিরা কৃষ্ণন জানান, ছবির শুটিং চলাকালীন রণবীর পুরোপুরি নিরামিষাশী হয়ে গিয়েছিলেন। তিনি আমিষ খাবার থেকে নিজেকে সম্পূর্ণ দূরে সরিয়ে রেখেছিলেন এবং শুধুমাত্র ফল খেয়ে দিন কাটিয়েছেন। শুধু খাদ্যাভ্যাস নয়, চরিত্রের প্রয়োজনে শারীরিক গঠনের দিকেও বিশেষ নজর দিয়েছিলেন অভিনেতা। তিনি প্রতিদিন সকালে তিন ঘণ্টা এবং সন্ধ্যায় আরও তিন ঘণ্টা কঠোর শরীরচর্চা করতেন।
উল্লেখ্য, রামায়ণে রণবীরের নাম ঘোষণার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি পুরনো ভিডিও নিয়ে বিতর্ক তৈরি হয়। প্রায় ১৫ বছর আগের ওই সাক্ষাৎকারে রণবীরকে গোমাংস ভক্ষণ নিয়ে মন্তব্য করতে দেখা গিয়েছিল। সেই ভিডিও নতুন করে ভাইরাল হওয়ার পর নেটিজেনদের একাংশ অভিনেতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তবে সেই বিতর্ককে ছাপিয়ে এখন রণবীরের কঠোর পরিশ্রম ও নিষ্ঠার প্রশংসাই করছেন তাঁর সহ-অভিনেত্রীরা।
