আমেরিকায় প্রযুক্তিগত ত্রুটিতে বিপর্যস্ত বিমান পরিষেবা, ব্যাহত ১১ হাজারের বেশি ফ্লাইট

আমেরিকায় প্রযুক্তিগত ত্রুটিতে বিপর্যস্ত বিমান পরিষেবা, ব্যাহত ১১ হাজারের বেশি ফ্লাইট

আমেরিকার এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেমে বড়সড় প্রযুক্তিগত ত্রুটির জেরে দেশজুড়ে বিমান পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়ে। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের নির্দেশ অনুযায়ী, জরুরি ভিত্তিতে সমস্ত অভ্যন্তরীণ উড়ান বন্ধ রাখা হয়। এই নিষেধাজ্ঞার ফলে ১১ হাজারের বেশি ফ্লাইট প্রভাবিত হয়েছে, যার মধ্যে প্রায় ১০ হাজার ফ্লাইটের সময় পিছিয়ে দেওয়া হয় এবং ১ হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করতে হয়। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের ঘটনার পর এটিই ছিল আমেরিকার বিমান পরিষেবার সবচেয়ে বড় বিপর্যয়।

পরিবহন সচিব শন ডাফি জানিয়েছেন, অত্যন্ত পুরনো টেলিকমিউনিকেশন পরিকাঠামো এবং অতিরিক্ত ডেটার চাপে রাউটার ও সুইচগুলি অকেজো হয়ে পড়ায় এই বিপত্তি ঘটে। অ্যানালগ সিস্টেমের ওপর নির্ভরশীল এই পরিকাঠামো বর্তমানের বিপুল পরিমাণ ডেটা সামলাতে অক্ষম। তবে মার্কিন কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, এটি কোনো সাইবার হামলা বা এআই-জনিত সমস্যা নয়। আকাশে থাকা বিমানগুলিকে নিরাপদে গন্তব্যে পৌঁছানোর অনুমতি দেওয়া হলেও, শত শত ফ্লাইট ডাইভার্ট করতে বাধ্য হয় বিমানবন্দর কর্তৃপক্ষ।

এই ঘটনার জেরে প্রায় ১৫ লক্ষাধিক যাত্রী চরম ভোগান্তির শিকার হন। জরুরি মেডিক্যাল ফ্লাইট এবং আইন প্রয়োগকারী সংস্থার বিমান চলাচলের অনুমতি ছিল। বর্তমানে পুরনো পরিকাঠামো বদলে ফাইবার-অপটিক লাইন স্থাপন এবং এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেম আধুনিকীকরণের জন্য কংগ্রেসের কাছে ৫০ বিলিয়ন ডলার অনুদান চেয়েছে প্রশাসন। দীর্ঘ চার ঘণ্টার অচলাবস্থার পর পরিষেবা স্বাভাবিক করার প্রক্রিয়া শুরু হলেও, বিমান চলাচল পুরোপুরি ছন্দে ফিরতে দীর্ঘ সময় লেগেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *