রাশিয়া থেকে তেল আমদানিতে মার্কিন নিষেধাজ্ঞা, ভারতের জন্য অশনিসংকেত!

রাশিয়া ও ইরান থেকে তেল আমদানির ক্ষেত্রে এতদিন প্রাপ্ত বিশেষ ছাড় বা ‘নিষেধাজ্ঞা মওকুফ’ আর না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসান্তের এই ঘোষণার ফলে রাশিয়ার সঙ্গে ভারতের ৩ কোটি ব্যারেলের দীর্ঘমেয়াদী তেল চুক্তির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। মার্কিন অভ্যন্তরীণ রাজনৈতিক চাপে নেওয়া এই সিদ্ধান্ত ভারতসহ বিশ্বের অন্যতম বড় তেল আমদানিকারক দেশগুলোর জ্বালানি বাজারে বড় ধরনের সংকটের আশঙ্কা তৈরি করেছে।
নির্ধারিত সময়সীমা অনুযায়ী, গত ১১ এপ্রিল রাশিয়ার জন্য প্রদত্ত বিশেষ ছাড়ের মেয়াদ শেষ হয়েছে এবং আগামী ১৯ এপ্রিল ইরানের ক্ষেত্রেও এই ছাড়ের অবসান ঘটবে। যুক্তরাষ্ট্রের এই অনমনীয় অবস্থানের কারণে রিলায়েন্সের মতো ভারতের প্রধান শোধনাগারগুলো ইতোমধ্যেই রুশ সরবরাহকারী প্রতিষ্ঠান রসনেফট ও লুকোয়েলের কাছ থেকে তেল কেনা কমিয়ে দিয়েছে। বিশ্ববাজারে সরবরাহ ঘাটতি দেখা দেওয়ায় জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, যার ফলে ভারতের অভ্যন্তরীণ বাজারে পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যস্ফীতি ঘটার প্রবল ঝুঁকি সৃষ্টি হয়েছে।
