রাস্তায় গবাদি পশু ছাড়লে মালিকের জেল, কড়া নির্দেশ মাদ্রাজ হাইকোর্টের

রাস্তায় গবাদি পশু ছাড়লে মালিকের জেল, কড়া নির্দেশ মাদ্রাজ হাইকোর্টের

রাস্তায় গবাদি পশু ছেড়ে রাখা নিয়ে কড়া অবস্থান নিল মাদ্রাজ হাইকোর্ট। প্রধান বিচারপতি সুশ্রুত অরবিন্দ ধর্মাধিকারী এবং বিচারপতি জি অরুল মুরুগানের বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, রাস্তা মূলত মানুষ ও যানবাহনের চলাচলের জন্য। জননিরাপত্তা বিঘ্নিত করে পশুপালকদের রাস্তায় পশু চড়ানোর কোনো অধিকার নেই। থিরুভেরকাডু পুরসভা এলাকায় রাস্তায় ঘুরে বেড়ানো গবাদি পশু নিয়ে দায়ের হওয়া একটি জনস্বার্থ মামলার প্রেক্ষিতে আদালত এই নির্দেশ দিয়েছে।

আদালতের নির্দেশ অনুযায়ী, তামিলনাড়ুর সমস্ত পুরসভা ও পঞ্চায়েত এলাকায় রাস্তায় ঘুরে বেড়ানো পশু ধরতে নিয়মিত অভিযান চালাতে হবে। প্রতিটি পশুর জন্য মালিককে বৈধ লাইসেন্স নিতে হবে এবং পশুকে ট্যাগ করতে হবে যাতে মালিককে শনাক্ত করা যায়। আটক করা পশু ছাড়ানোর সময় রক্ষণাবেক্ষণ খরচ ও জরিমানা আদায় করতে হবে। মালিক পাওয়া না গেলে আইন মেনে পশু নিলাম বা গোশালায় পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। পুরকর্মীদের নিরাপত্তার জন্য পুলিশি সহায়তার ব্যবস্থাও করতে হবে।

বারবার রাস্তায় পশু ছাড়ার অভিযোগ উঠলে সংশ্লিষ্ট মালিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করার নির্দেশ দিয়েছে আদালত। ১৯৯৭ সালের তামিলনাড়ু পশু ও পাখি নিয়ন্ত্রণ আইন অনুযায়ী, নিয়ম ভাঙলে সর্বোচ্চ তিন বছরের জেল অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। আদালত জানিয়েছে, স্থানীয় প্রশাসনকে মাইকিং ও বিজ্ঞপ্তির মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করতে হবে। শুধু প্রস্তাব পাশ করলেই হবে না, এই নির্দেশ যাতে বাস্তবে কার্যকর হয় তা নিশ্চিত করতে হবে প্রশাসনকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *