রুশ তেলের আমদানিতে মিলল বড় ছাড়, ভারতের জন্য স্বস্তির খবর!

বিশ্বজুড়ে চলমান জ্বালানি সংকটের প্রেক্ষাপটে রাশিয়ার অপরিশোধিত তেল আমদানির ওপর দেওয়া বিশেষ ছাড়ের মেয়াদ আগামী ১৬ মে পর্যন্ত বাড়িয়েছে মার্কিন প্রশাসন। ইরান ও ইসরায়েল যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেলের আকাশছোঁয়া দাম নিয়ন্ত্রণে রাখতেই মার্কিন ট্রেজারি বিভাগ এই কৌশলগত সিদ্ধান্ত নিয়েছে। সমুদ্রপথে রুশ তেল ও পেট্রোলিয়ামজাত পণ্য ক্রয়ের এই সুযোগ বজায় থাকায় আন্তর্জাতিক বাজারে প্রায় ১০০ মিলিয়ন ব্যারেল তেল সরবরাহের পথ সহজ হবে বলে ধারণা করা হচ্ছে।
বর্তমানে ভারতের জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে রাশিয়ার ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মার্কিন এই সিদ্ধান্তের ফলে দেশ দুটির বাণিজ্যিক সম্পর্ক আরও মজবুত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, যার অংশ হিসেবে ভারত রাশিয়া থেকে অপরিশোধিত তেল, এলপিজি এবং এলএনজি সরবরাহ বাড়ানোর উদ্যোগ নিয়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের মার্চ মাসে ভারত থেকে রাশিয়ার তেল আমদানির পরিমাণ ফেব্রুয়ারি মাসের তুলনায় তিন গুণ বেড়ে ৫.৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
