রূপো জয় কেয়া বন্দ্যোপাধ্যায়ের: ১৪০ কেজি ডেডলিফটে বিশ্বমঞ্চ কাঁপালেন বাংলার কন্যা – এবেলা

রূপো জয় কেয়া বন্দ্যোপাধ্যায়ের: ১৪০ কেজি ডেডলিফটে বিশ্বমঞ্চ কাঁপালেন বাংলার কন্যা – এবেলা

এবেলা ডেস্কঃ

দক্ষিণ আফ্রিকায় আয়োজিত আইপিএফ (IPF) বিশ্ব সাব-জুনিয়র ও জুনিয়র ক্লাসিক পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপে অসাধারণ পারফরম্যান্স উপহার দিলেন ২১ বছর বয়সি ভারতীয় পাওয়ারলিফটার কেয়া কুণাল বন্দ্যোপাধ্যায়। ৪৭ কেজি জুনিয়র ক্যাটিগরিতে অংশ নিয়ে তিনি রূপো জিতেছেন। তবে তাঁর এই পদক জয়ের থেকেও বেশি চর্চা হচ্ছে নিজের শারীরিক ওজনের প্রায় তিন গুণ ওজন তোলার কৃতিত্বের জন্য। মাত্র ৪৫.৭০ কেজি ওজনের কেয়া ডেডলিফটে ১৪০ কেজি ওজন তুলে বিশ্বজুড়ে ক্রীড়াপ্রেমীদের তাক লাগিয়ে দিয়েছেন।

এই প্রতিযোগিতায় কেয়া মোট ২৮০ কেজি (স্কোয়াট ৯০ কেজি, বেঞ্চ প্রেস ৫০ কেজি এবং ডেডলিফট ১৪০ কেজি) তোলেন। ডেডলিফটের সিঙ্গলস ইভেন্টে তিনি দুর্দান্ত লড়াই করে নজর কাড়েন। উল্লেখ্য, গত বছর জাতীয় স্তরে তাঁর মোট স্কোর ছিল ২৫৭.৫ কেজি, যেখান থেকে মাত্র এক বছরের ব্যবধানে নিজেকে আরও উন্নত করে বিশ্বমঞ্চে এই অভাবনীয় সাফল্য অর্জন করলেন তিনি।

এই বিশ্ব চ্যাম্পিয়নশিপে কেয়া ছাড়াও বাংলার অন্য এক অ্যাথলেট দুর্দান্ত সাফল্য এনে দিয়েছেন। জলপাইগুড়ির দ্বাদশ শ্রেণির ছাত্রী মধুরা কর সাব-জুনিয়র মেয়েদের ৫২ কেজি ক্যাটিগরিতে স্কোয়াট, বেঞ্চ প্রেস ও ডেডলিফট মিলিয়ে মোট ২৯২.৫ কেজি তুলে চারটি সোনা জয় করেছেন। এর পাশাপাশি, হেভিওয়েট সাব-জুনিয়র ৮৪+ কেজি ক্যাটিগরিতে ভারতের আসমা তাহেরালি জবুয়াওয়ালাও মোট ৩৭২.৫ কেজি তুলে ষষ্ঠ স্থান অধিকার করেছেন। বাংলার এই তরুণী পাওয়ারলিফটারদের আন্তর্জাতিক সাফল্য ভারতীয় ক্রীড়াজগতে এক নতুন অধ্যায়ের সূচনা করল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *