রেশনে বাম্পার উপহার! পুজোর আগে সুজির পরিমাণ দ্বিগুণ করার বড় ঘোষণা খাদ্যমন্ত্রীর – এবেলা

এবেলা ডেস্কঃ
বনগাঁ: দুর্গাপুজো উপলক্ষে রাজ্যবাসীর জন্য বড় ঘোষণা। রেশনে সাধারণ মানুষের জন্য উৎসব প্যাকেজে সুজির পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৫০ গ্রাম নয়, এবার থেকে রেশন দোকান থেকে ৫০০ গ্রাম সুজি দেওয়া হবে বলে রবিবার এক ভিডিও বার্তার মাধ্যমে জানিয়েছেন রাজ্যের খাদ্য ও সমবায় মন্ত্রী অশোক কীর্তনীয়া।
দুর্গাপুজো উপলক্ষে পশ্চিমবঙ্গের বাসিন্দাদের জন্য খাদ্য দফতরের তরফে একটি বিশেষ উৎসব প্যাকেজ ঘোষণা করা হয়েছিল। সেই প্যাকেজে প্রথমে ১ কেজি ময়দা, ১ কেজি চিনি এবং ২৫০ গ্রাম সুজি দেওয়ার কথা ছিল। তবে পুজো উপলক্ষে সেই সুজির পরিমাণ বাড়িয়ে ৫০০ গ্রাম করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই বিশেষ সুবিধার আওতায় রাজ্যের প্রায় ২ কোটি ১২ লক্ষ পরিবার উপকৃত হবেন।
খাদ্য দফতরের তথ্য অনুযায়ী, চিনি ও সুজিতে ৫০ শতাংশ ভর্তুকি দিচ্ছে রাজ্য সরকার। এর জন্য খাদ্য দফতরকে ১৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ইতিমধ্যেই ময়দা ও চিনির টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে। পরিবার পিছু ১ কেজি ময়দা ১৯ টাকায় (বাকি ১৯ টাকা ভর্তুকি দেবে রাজ্য), নির্দিষ্ট দামে চিনি এবং ৫০০ গ্রাম সুজি দেওয়া হবে।
এর আগে শুক্রবার বনগাঁয় এক সাংবাদিক বৈঠকে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া বর্তমান সরকারের এই পুজো স্পেশাল রেশন প্যাকেজের বিস্তারিত জানান। তিনি উল্লেখ করেন, বিগত সরকারের আমলে নির্দিষ্ট কিছু কার্ডের উপভোক্তাদের ১০ শতাংশ ছাড় দেওয়া হলেও, বর্তমান সরকার প্রায় ২ কোটি ১২ লক্ষ পরিবারকে ৫০ শতাংশ ছাড়ের মাধ্যমে এই উৎসব প্যাকেজের আওতায় নিয়ে এসেছে। উৎসবের মরশুমে সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
