রোহিঙ্গা গণহত্যা রায় প্রত্যাখ্যান মায়ানমার জান্তা প্রধানের

আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রোহিঙ্গা গণহত্যা সংক্রান্ত রায় প্রত্যাখ্যান করেছেন মায়ানমারের জান্তা প্রধান মিন অং হ্লাইং। মায়ানমারের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই খবর জানিয়েছে।
হ্লাইংয়ের দাবি, রায়ে ‘গণহত্যা’ শব্দটি ব্যবহারের ফলে মায়ানমারের আন্তর্জাতিক সুনাম ক্ষুণ্ণ হয়েছে। তবে আদালতের কোন নির্দেশগুলি তাঁর প্রশাসন অনুপযুক্ত মনে করছে, তা তিনি বিস্তারিত জানাননি।
আইসিজের রায়ে বলা হয়েছে, মায়ানমারের নিরাপত্তা বাহিনী রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে এবং জেনোসাইড কনভেনশন লঙ্ঘন করেছে। আদালত মায়ানমারকে ২০১৭ সালের সামরিক অভিযানের সঙ্গে যুক্ত সন্দেহভাজনদের দ্রুত বিচারের আওতায় আনা এবং ভবিষ্যতে এমন ঘটনা রোধে নিশ্চয়তা দেওয়ার নির্দেশ দিয়েছে। এছাড়া বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রত্যাবাসন, সম্পত্তি ফিরিয়ে দেওয়া, ক্ষতিপূরণ ও সুরক্ষা নিশ্চিত করার কথাও রায়ে উল্লেখ আছে।
মায়ানমার শুরু থেকেই দাবি করে আসছে, রাখাইন রাজ্যে তাদের অভিযান ছিল সন্ত্রাসবিরোধী পদক্ষেপ, গণহত্যার উদ্দেশ্যে নয়। ২০১৭ সালের সামরিক অভিযানের পর সাত লাখ ৩০ হাজারেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেন। বর্তমানে বাংলাদেশে প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থী বসবাস করছেন।
আইসিজের এই রায় চূড়ান্ত হলেও তা কার্যকর করার ক্ষেত্রে আদালতের নিজস্ব সীমাবদ্ধতা রয়েছে। দুই বছরের মধ্যে আদালতের নির্দেশ অনুযায়ী কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা প্রতিবেদন আকারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে মায়ানমারকে।
