লরি থামাতেই চোখ কপালে অফিসারদের, ভেতরে ২৪৫ কোটির সোনা-হীরা!

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের প্রাক্কালে চেন্নাইয়ের আদায়ার এলাকায় নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াড বিপুল পরিমাণ সম্পদ জব্দ করেছে। গতকাল ভোরে নিয়মিত তল্লাশির সময় একটি কন্টেইনার লরি থেকে প্রায় ২৪৫ কোটি টাকা মূল্যের সোনা ও হীরার অলঙ্কার উদ্ধার করা হয়েছে। নির্বাচনের বিধিনিষেধ কার্যকর থাকাকালীন এত বিপুল পরিমাণ মূল্যবান সামগ্রী উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।
নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াড সন্দেহভাজন লরিটিকে থামিয়ে তল্লাশি শুরু করলে ভেতরে অসংখ্য বক্সে থাকা এই ধনসম্পদ বেরিয়ে আসে। লরি চালকের ভাষ্যমতে, অলঙ্কারগুলো চেন্নাইয়ের সওকারপেট থেকে পাল্লাভারম এলাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। নির্বাচনের সময় এই ধরনের সম্পদ পরিবহনের জন্য নির্বাচন কমিশনের আগাম অনুমতির বাধ্যবাধকতা থাকলেও লজিস্টিক সংস্থাটি প্রয়োজনীয় নথিপত্র দেখাতে ব্যর্থ হয়। নিয়ম অনুযায়ী সোনা ও হীরাগুলো নির্বাচন কমিশন আয়কর বিভাগের কাছে হস্তান্তর করেছে এবং অলঙ্কারগুলো কোনো বাণিজ্যিক লেনদেনের অংশ নাকি ভোটারদের প্রভাবিত করার জন্য পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
