লালকেল্লা থেকে ঐতিহাসিক ডাক বাসন্তীর মেধার, কিন্তু দিল্লির পথে কি বাঁধ সাধবে অভাব? – এবেলা

এবেলা ডেস্কঃ
সুন্দরবনের এক অত্যন্ত দরিদ্র পরিবারের অভাব-অনটনকে জয় করে অনন্য কৃতিত্ব অর্জন করেছে নবম শ্রেণির ছাত্রী সেলিমা মোল্লা। ফুলমালঞ্চ ঋতু ভকত উচ্চমাধ্যমিক হাই স্কুলের এই মেধাবী ছাত্রী ভারত সরকার আয়োজিত ‘বিকশিত ভারত’ শীর্ষক প্রবন্ধ প্রতিযোগিতায় সাফল্য পেয়ে স্বাধীনতা দিবসে দিল্লির লালকেল্লায় আমন্ত্রিত হয়েছে। দেশজুড়ে লাখ লাখ পড়ুয়ার মধ্য থেকে নির্বাচিত ২০০ জনের তালিকায় নাম তুলে এনে সে শুধু নিজের স্কুল নয়, গোটা বাসন্তী ব্লকের মুখ উজ্জ্বল করেছে। ৫০০ শব্দের চমৎকার ইংরেজি প্রবন্ধের মাধ্যমে নজরকাড়া এই কৃতিত্ব অর্জন করায় অত্যন্ত আনন্দিত স্কুলের প্রধান শিক্ষক থেকে শুরু করে সাধারণ গ্রামবাসীরা।
তবে এই বিরাট সাফল্যের আনন্দের মাঝেও নেমে এসেছে চরম দুশ্চিন্তার ছায়া। বাবা দিনমজুর হওয়ায় সংসারে প্রতিনিয়ত অভাবের সঙ্গে লড়াই করতে হয়, যেখানে যাতায়াতের খরচ বহন করা একপ্রকার আসাম্ভব। পরিবারের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, উপযুক্ত সরকারি আর্থিক সাহায্য না পেলে তাদের পক্ষে এই ব্যয়ভার সামলে দিল্লিতে পৌঁছানো সম্ভব হবে না। মেধার জোড়ে দিল্লি থেকে ডাক পেলেও স্বপ্নপূরণের ক্ষেত্রে এখন একমাত্র ভরসা সরকারি অনুদান, যা মিললেই অবশেষে লালকেল্লার ঐতিহাসিক উদযাপনে উপস্থিত থাকতে পারবে সেলিমা।
