‘লুকোনোর কিছু নেই, সাহস থাকলে সংসদে আসুন’, ইমপিচমেন্টের আগে বিরোধীদের বিশেষ অধিবেশনের চ্যালেঞ্জ শাহের – এবেলা
.jpeg.webp?ssl=1)
এবেলা ডেস্কঃ
ভোটার তালিকা সংশোধন ও নির্বাচন কমিশনকে ঘিরে বিরোধী জোট ‘ইন্ডিয়া’-র ‘ভোট চুরি’ অভিযোগের জবাবে আক্রমণাত্মক মেজাজে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। লখনউয়ে উত্তরপ্রদেশ রাজ্য বিজেপির বৈঠকে রাহুল গান্ধী ও অখিলেশ যাদবকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, বিজেপি এই ইস্যুতে আলোচনা করতে সম্পূর্ণ প্রস্তুত এবং বিরোধীরা চাইলে সংসদের বিশেষ অধিবেশন ডাকা হতে পারে। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিরোধী দলগুলির ‘পাবলিক ইমপিচমেন্ট’ কর্মসূচির ঠিক প্রাক্কালে স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্য জাতীয় রাজনীতিতে নতুন আলোড়ন সৃষ্টি করেছে।
শাহ কটাক্ষ করে বলেন, নির্বাচনে হেরে আম্পায়ার অর্থাৎ নির্বাচন কমিশনের ঘাড়ে দায় চাপাচ্ছেন রাহুল ও অখিলেশ। বিরোধীরা সংসদে সুস্থ আলোচনা এড়িয়ে কেবল হইচই করতে ভালোবাসে বলে অভিযোগ করেন তিনি। মহারাষ্ট্রসহ বিভিন্ন রাজ্যে বিজেপির ধারাবাহিক সাফল্যের পর বিরোধীরা ব্যালট বাক্সে জিততে না পেরে সাংবিধানিক প্রতিষ্ঠানের ওপর কাদা ছুড়ছে বলে তাঁর দাবি। এদিকে, এসআইআর প্রক্রিয়া বাতিল এবং সিইসি-র পদত্যাগের দাবিতে আজ শনিবার নির্ধারিত প্রতীকী ইমপিচমেন্ট এবং ১ নভেম্বর ‘দিল্লি চলো’ প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে বিরোধী জোট।
