শক্তিপ্রয়োগ করে হরমুজ প্রণালি খোলা অবাস্তব বলে ডোনাল্ড ট্রাম্পকে সাফ জানালেন ম্যাক্রোঁ

শক্তিপ্রয়োগ করে হরমুজ প্রণালি খোলা অবাস্তব বলে ডোনাল্ড ট্রাম্পকে সাফ জানালেন ম্যাক্রোঁ

ইরান সংকটের জেরে বিশ্বজুড়ে জ্বালানি তেলের তীব্র সংকট ও মূল্যবৃদ্ধি দেখা দিলেও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি সামরিক শক্তিতে সচল করার পরিকল্পনাকে সরাসরি নাকচ করে দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক সহায়তার আহ্বানে সাড়া না দিয়ে ম্যাক্রোঁ স্পষ্ট জানিয়েছেন, বলপূর্বক এই নৌপথ উন্মুক্ত করার চিন্তা একেবারেই ‘অবাস্তব’। দক্ষিণ কোরিয়া সফররত ফরাসি প্রেসিডেন্ট বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, জোরপূর্বক প্রণালিটি দখল করতে গেলে তা দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপ নেবে এবং সংশ্লিষ্ট বাহিনী ইরানি বিপ্লবী গার্ডের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার মুখে পড়বে।

ম্যাক্রোঁ কেবল হরমুজ সংকটেই সীমাবদ্ধ থাকেননি, বরং ইরানে মার্কিন ও ইসরায়েলি সম্ভাব্য সামরিক অভিযানের কড়া সমালোচনা করেছেন। তার মতে, সামরিক আক্রমণ ইরানের পারমাণবিক সমস্যার কোনো স্থায়ী সমাধান নয়। কূটনৈতিক ও প্রযুক্তিগত আলোচনার মাধ্যমে সংকটের সুরাহা না হলে পরিস্থিতি ভবিষ্যতে আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে তিনি সতর্ক করেন। ফ্রান্স বরাবরই আলোচনার মাধ্যমে শান্তি স্থাপনের পক্ষে অবস্থান নিয়েছে এবং তারা ওয়াশিংটনের কোনো হঠকারী সামরিক পদক্ষেপে অংশ নেবে না বলেও নিশ্চিত করেছেন তিনি।

এদিকে, ফ্রান্সের এই নেতিবাচক অবস্থানে ক্ষুব্ধ হয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগত আক্রমণ শুরু করেছেন। হোয়াইট হাউসের এক মধ্যাহ্নভোজ সভায় ট্রাম্প ফরাসি প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে নিয়ে উপহাসমূলক মন্তব্য করেন। ট্রাম্প দাবি করেন, মিত্র দেশগুলোর সহায়তা ছাড়াই যুক্তরাষ্ট্র পরিস্থিতি সামাল দিতে সক্ষম। তবে সামরিক জোটে যোগ না দেওয়ায় ম্যাক্রোঁর ব্যক্তিগত জীবন নিয়ে ট্রাম্পের করা মন্তব্য আন্তর্জাতিক মহলে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। মূলত হরমুজ প্রণালি নিয়ন্ত্রণকে কেন্দ্র করে পশ্চিমা বিশ্বের দুই প্রভাবশালী নেতার মধ্যে এখন চরম কূটনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *