শান্তি কি তবে ভারতের হাতে, জেলেনস্কির দূতের সক্রিয়তায় জল্পনা তুঙ্গে!

ইউক্রেনের সংঘাত নিরসনে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এক বিশেষ কূটনৈতিক সফরে ভারত এসেছেন দেশটির ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ডিফেন্স কাউন্সিলের সেক্রেটারি রুস্তম উমেরভ। গত ১৭ এপ্রিল তিনি দিল্লিতে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে পৃথক উচ্চপর্যায়ের বৈঠক করেন। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত উমেরভের এই সফরে যুদ্ধের ফ্রন্টলাইনের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনার পাশাপাশি সংঘাত নিরসনে ভারতের সম্ভাব্য ভূমিকা ও দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন নিয়ে আলোকপাত করা হয়েছে।
বৈঠকগুলোতে আগস্ট ২০২৪-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রেসিডেন্ট জেলেনস্কির মধ্যে স্বাক্ষরিত যৌথ বিবৃতির প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের পথ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এসময় ভারতের পক্ষ থেকে পুনরায় গুরুত্ব দিয়ে বলা হয় যে, যুদ্ধের ময়দানে কোনো সামরিক সমাধানের পরিবর্তে কেবল সংলাপ ও কূটনীতির মাধ্যমেই ইউক্রেন সংকটের টেকসই সমাধান সম্ভব। দিল্লির এই সফর আগামী দিনে উভয় দেশের মধ্যে নিরাপত্তা ও কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করবে বলেই ধারণা করা হচ্ছে।
