কলকাতার হাসপাতালে অবিশ্বাস্য কাণ্ড, মলাশয় থেকে ক্রিকেট বল বের করে বিশ্বরেকর্ড চিকিৎসকদের!

কলকাতার নীলরতন সরকার (এনআরএস) মেডিকেল কলেজ ও হাসপাতালে ৫৬ বছর বয়সী এক ব্যক্তির মলাশয় থেকে অস্ত্রোপচারের মাধ্যমে একটি আস্ত ক্রিকেট বল অপসারণ করেছেন চিকিৎসকরা। গত কয়েকদিন ধরে তীব্র যন্ত্রণায় ভোগা ওই ব্যক্তিকে হাসপাতালে আনার পর পরীক্ষার মাধ্যমে বিষয়টি ধরা পড়ে। ২০১৯ সালে অস্ট্রেলিয়ার পর বিশ্বজুড়ে এটি এমন বিরল ঘটনার দ্বিতীয় নজির। প্রাথমিক অবস্থায় সাধারণ অস্ত্রোপচার পদ্ধতি সফল না হওয়ায়, চিকিৎসকরা অত্যন্ত সতর্কতার সাথে স্ত্রীরোগ বিভাগে ব্যবহৃত ‘ভেন্টুস’ নামক ভ্যাকুয়াম যন্ত্রের সাহায্যে বলটি বের করে আনেন।
বর্তমানে ওই ব্যক্তির শারীরিক পরিস্থিতি পুরোপুরি ঝুঁকিমুক্ত নয় এবং তার শরীরের ভেতরের অংশ স্বাভাবিক অবস্থায় ফেরাতে আরও দুটি বড় অস্ত্রোপচারের প্রয়োজন হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে, ওই ব্যক্তির শরীরের ভেতরে ক্রিকেট বল কীভাবে বা কেন প্রবেশ করল, তা নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে। ঘটনার গুরুত্ব ও সম্ভাব্য অপরাধমূলক কোনো দিক খতিয়ে দেখতে ইতিমধ্যে পুলিশি তদন্ত শুরু করেছে।
