শাহের উত্তরবঙ্গ সফরে বড় চমকের ইঙ্গিত? সীমান্ত-পাহাড় নিয়ে হতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত! – এবেলা

এবেলা ডেস্কঃ
তিন দিনের সফরে বৃহস্পতিবার রাতেই উত্তরবঙ্গে পৌঁছচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর এই সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই তুঙ্গে উঠেছে প্রশাসনিক ও রাজনৈতিক জল্পনা। সম্প্রতি উত্তরবঙ্গের সীমান্ত সংলগ্ন জেলাগুলিতে একাধিক সন্দেহভাজন পাক চরের গ্রেফতারি উদ্বেগ বাড়িয়েছে তদন্তকারীদের। ভৌগোলিক ও কৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল ‘চিকেনস নেক’ এলাকা এবং ভারত-বাংলাদেশ সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে সেনা, বিএসএফ ও এসএসবি-র উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে বিশেষ বৈঠকে বসবেন স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি দেশের নতুন তিনটি ফৌজদারি আইন সম্পর্কে সচেতনতা বাড়াতে শিলিগুড়িতে একটি বিশাল আইনি প্রদর্শনীর শুভসূচনা করবেন তিনি।
নিরাপত্তা পর্যালোচনার পাশাপাশি দীর্ঘদিনের পাহাড় সমস্যার স্থায়ী সমাধান খুঁজে বের করা এই সফরের অন্যতম প্রধান লক্ষ্য হতে চলেছে। রাজনৈতিক সূত্রের খবর অনুযায়ী, ২২ আগস্ট পাহাড়ের প্রভাবশালী রাজনৈতিক প্রতিনিধিদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী। এর আগে বিমল গুরুংদের মতো মোর্চা নেতারা স্থায়ী সমাধানের দাবিতে সরব হয়েছেন এবং বিজেপি নেতৃত্বাধীন রাজনৈতিক পটপরিবর্তনের পর তাঁদের বিভিন্ন পর্যায়ে আলোচনাও হয়েছে। অমিত শাহের এই পাহাড় বৈঠক আঞ্চলিক রাজনীতিতে নতুন কোনো দিকনির্দেশ করে কি না, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে অভিজ্ঞ মহল।
