শিবভক্তদের জন্য বড় ‘উপহার’! কী ঘোষণা করলেন সদগুরু? – এবেলা

শিবভক্তদের জন্য বড় ‘উপহার’! কী ঘোষণা করলেন সদগুরু? – এবেলা

এবেলা ডেস্কঃ

নয়াদিল্লি: আধ্যাত্মিক সাধক সদগুরু শিবভক্তদের জন্য এক বিরাট ঘোষণা করেছেন। জনপ্রিয় অ্যানিমেটেড ফ্র্যাঞ্চাইজি নির্মাতা স্টুডিও গ্রাফিক ইন্ডিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি হতে চলেছে মহাকাব্যিক অ্যানিমেটেড ফিচার ফিল্ম ‘শিব- দ্য আদিযোগী’। যোগের প্রাচীন পরম্পরা অনুযায়ী শিবকে প্রথম যোগী ও উৎস হিসেবে বিবেচনা করা হয়। এই চলচ্চিত্রের মাধ্যমে যোগের উৎপত্তি এবং আদিযোগীর কাহিনি অত্যাধুনিক অ্যানিমেশন ও সিনেম্যাটিক স্টোরিটেলিংয়ের সাহায্যে বিশ্ববাসীর সামনে তুলে ধরা হবে। ছবিটির প্রযোজক, সহ-নির্মাতা এবং চিত্রনাট্যকার হিসেবে যুক্ত থাকছেন গ্রাফিক ইন্ডিয়ার সহ-প্রতিষ্ঠাতা শরদ দেবরাজন। আগামী ২০২৭ সালে বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাওয়ার পরিকল্পনা রয়েছে।

যোগিক দর্শনের ব্যাখ্যা দিয়ে সদগুরু জানান, যোগিক সংস্কৃতিতে শিবকে ঈশ্বর হিসেবে না দেখে আদিযোগী ও আদিগুরু হিসেবে গণ্য করা হয়। প্রকৃতির নিয়ম এবং মানব জীবনের সীমাবদ্ধতাকে অতিক্রম করার এক চূড়ান্ত আধ্যাত্মিক প্রক্রিয়া হিসেবে এই কাহিনিকে ফুটিয়ে তোলা হবে। আন্তর্জাতিক মানের এই প্রজেক্টটির মাধ্যমে ভারতের প্রাচীন আধ্যাত্মিক ও যোগিক ঐতিহ্য বিভিন্ন প্রজন্ম এবং সংস্কৃতির দর্শকদের কাছে সহজবোধ্য করে তোলা হবে। গ্রাফিক ইন্ডিয়ার পুরস্কারপ্রাপ্ত অ্যানিমেশন স্টুডিওর তত্ত্বাবধানে বর্তমানে ছবিটির নির্মাণ কাজ পুরোদমে এগিয়ে চলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *