শিলিগুড়িতে বেআইনি পার্কিংয়ের দাপটে বিপর্যস্ত জনজীবন, যানজটে নাভিশ্বাস শহরবাসীর

শিলিগুড়ি শহরের প্রধান রাস্তা থেকে শুরু করে অলিগলি, সর্বত্রই এখন বেআইনি পার্কিংয়ের দাপট। বিধান রোড, হিলকার্ট রোড ও সেবক রোডের মতো ব্যস্ত রাস্তায় যত্রতত্র গাড়ি দাঁড় করিয়ে রাখার ফলে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অভিযোগ রয়েছে, সরকারি স্টিকার বা নীল বাতি লাগানো গাড়িগুলোও ট্র্যাফিক নিয়ম লঙ্ঘন করছে। শহরের কলেজপাড়া, মিলনপল্লি, খালপাড়া ও বাঘাযতীন কলোনির মতো আবাসিক এলাকাগুলোও এখন কার্যত অবৈধ পার্কিং লটে পরিণত হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তার দুপাশে গাড়ি পার্কিংয়ের কারণে স্বাভাবিক যাতায়াত আসাম্ভব হয়ে পড়েছে। জরুরি পরিস্থিতিতে অ্যাম্বুল্যান্স পর্যন্ত পাড়ার ভেতরে ঢুকতে পারছে না। পার্কিং সমস্যার জেরে অতিষ্ঠ হয়ে অনেক পুরোনো বাসিন্দা বাড়ি বিক্রি করে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছেন। এমনকি শিলিগুড়ি সাইবার ক্রাইম থানা চত্বরও এখন সাধারণ মানুষের অস্থায়ী পার্কিংয়ের জায়গা হয়ে দাঁড়িয়েছে, যা নিয়ে পুলিশ কর্মীদের মধ্যেও ক্ষোভ রয়েছে।
কয়েক মাস আগে প্রশাসন অবৈধ পার্কিং রুখতে সক্রিয় হলেও বর্তমানে নজরদারির অভাবে পরিস্থিতি ফের আগের অবস্থায় ফিরেছে। মাঝেমধ্যে লোকদেখানো অভিযান চললেও সমস্যার স্থায়ী সমাধানে কোনো কার্যকরী পদক্ষেপ দেখা যাচ্ছে না। এই বিষয়ে ট্র্যাফিক পুলিশের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। নতুন দায়িত্বপ্রাপ্ত ডিসিপি রানা মুখোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো প্রতিক্রিয়া মেলেনি।
