শিলিগুড়িতে শিহরণ! প্রাতর্ভ্রমণে বেরিয়ে শিক্ষিকাকে কুপিয়ে প্রেমিকের আত্মহত্যার চেষ্টা! – এবেলা

শিলিগুড়িতে শিহরণ! প্রাতর্ভ্রমণে বেরিয়ে শিক্ষিকাকে কুপিয়ে প্রেমিকের আত্মহত্যার চেষ্টা! – এবেলা

এবেলা ডেস্কঃ

বুধবার সকালে শিলিগুড়ির শান্তিনগরে এক শিক্ষিকাকে ছুরি নিয়ে তাড়া করে এলোপাথাড়ি কোপানোর অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। আক্রান্ত শিক্ষিকা শিউলি দত্ত প্রতিদিনের মতো প্রাতর্ভ্রমণে বের হলে, সজল দাস নামে বিবাহিত এক ব্যক্তি তাঁর পথ আটকান। অভিযুক্ত তাঁকে লক্ষ্য করে উপর্যুপরি আক্রমণ চালান। প্রাণ বাঁচাতে শিক্ষিকা একটি বাড়িতে আশ্রয় নিলেও অভিযুক্ত সেখানে ঢুকে তাঁর ওপর চড়াও হন এবং তাঁকে রক্তাক্ত করেন।

ঘটনার পরই ওই যুবক অকুস্থলে বিষপান করেন এবং নিজের পেটেও ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা চালান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয়কে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন শিক্ষিকার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল হলেও অভিযুক্তের পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় তাঁকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তাঁদের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক থাকলেও সম্প্রতি দূরত্ব তৈরি হয়েছিল। পরিবারের অভিযোগ, এর আগেও অভিযুক্ত ওই শিক্ষিকাকে উত্ত্যক্ত করেছিলেন এবং পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *