শীতকালে বালতিতে হিটার রড ব্যবহারের সময় যে সতর্কতা অবলম্বন করা জরুরি

শীতের মরসুমে জল গরম করার জন্য অনেকেই ইলেকট্রিক হিটার রড ব্যবহার করেন। গিজারের খরচ বাঁচাতে গিয়ে সস্তার এই হিটার রড ব্যবহারের ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি এড়িয়ে যাওয়া উচিত নয়। রডের তার, প্লাগ বা অভ্যন্তরীণ বৈদ্যুতিক অংশে কোনো ত্রুটি থাকলে বিদ্যুৎ লিকেজ হয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই ব্যবহারের আগে সরঞ্জামের গুণমান যাচাই করা অত্যন্ত জরুরি।
হিটার রড ব্যবহারের সময় ধাতব বালতি এড়িয়ে চলাই শ্রেয়। ধাতব বালতিতে বিদ্যুৎ পরিবাহিত হওয়ার ঝুঁকি বেশি থাকে, তাই প্রস্তুতকারকের নির্দেশ অনুযায়ী ভালো মানের অ-পরিবাহী প্লাস্টিকের বালতি ব্যবহার করা উচিত। এছাড়া, রডটি জলে ডোবানোর আগে কখনোই সুইচ অন করবেন না। রডের গরম হওয়ার অংশটি সম্পূর্ণ জলে ডুবিয়ে তবেই বিদ্যুৎ সংযোগ দেওয়া উচিত। জলের বাইরে রড চালু রাখলে তা অতিরিক্ত গরম হয়ে বিপদ ডেকে আনতে পারে।
জল গরম হওয়ার সময় বালতি সরানো বা জলের মধ্যে হাত দেওয়া থেকে বিরত থাকুন। প্রয়োজনে জল যোগ করতে হলে আগে সুইচ বন্ধ করে প্লাগ খুলে নিতে হবে। জল গরম হয়ে গেলে প্রথমে সুইচ বন্ধ করে শুকনো হাতে প্লাগ খুলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করুন, তারপর রডটি জল থেকে বের করুন। ভেজা হাতে কখনোই সুইচ বা প্লাগ স্পর্শ করবেন না। এছাড়া বাড়িতে উপযুক্ত আর্থিং এবং আর্থ লিকেজ সার্কিট ব্রেকার বা আরসিসিবি রয়েছে কি না, তা নিশ্চিত করা প্রয়োজন।
