শুভেন্দুর সভার আগেই ফলতায় ধুন্ধুমার! গ্রেপ্তার জাহাঙ্গীর ঘনিষ্ঠ তৃণমূল নেতা – এবেলা

এবেলা ডেস্কঃ
ভোটের মাত্র দিনপাঁচেক আগে দক্ষিণ ২৪ পরগনার ফলতায় তীব্র রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। দীর্ঘদিনের একধিক গুরুতর অপরাধের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ডায়মন্ড হারবারের দাপুটে তৃণমূল নেতা জাহাঙ্গির খানের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত সাইদুল খানকে। ধৃত সাইদুল ফলতা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি পদে রয়েছেন। শুক্রবার গভীর রাতে ফলতা থানার পুলিশ তাঁর বাড়িতে অতর্কিতে হানা দিয়ে তাঁকে গ্রেপ্তার করে। এই ঘটনাকে কেন্দ্র করে ভোটমুখী ফলতায় নতুন করে পারদ চড়তে শুরু করেছে।
পুলিশ সূত্রে খবর, সাইদুল খানের বিরুদ্ধে খুনের চেষ্টা, এলাকায় রাজনৈতিক হিংসা ছড়ানো এবং শান্তিশৃঙ্খলা ভঙ্গের একাধিক পুরোনো অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরেই পুলিশ এই মামলাগুলির তদন্ত চালাচ্ছিল। ২১ মে ফলতায় নির্বাচন কমিশনের নির্দেশে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে, যার ফল প্রকাশ হবে ২৪ মে। ঠিক তার আগেই এই হাই-প্রোফাইল গ্রেপ্তারি রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিয়েছে। এই বিষয়ে তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
রাজনৈতিক পালাবদলের প্রভাব ও মুখ্যমন্ত্রীর সফর
রাজ্যে সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের পর এই পুনর্নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। তৃণমূলকে ক্ষমতাচ্যুত করে বিজেপি রাজ্যে নতুন সরকার গঠন করেছে এবং শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন। শনিবারই ডায়মন্ড হারবারে তাঁর একটি প্রশাসনিক বৈঠক এবং ফলতায় দলীয় কর্মিসভা রয়েছে। এর পাশাপাশি আগামী ১৯ মে প্রচারের শেষ দিনে ফলতায় মুখ্যমন্ত্রীর একটি মেগা রোড শো করার কথা রয়েছে। এই পরিস্থিতিতে তৃণমূল নেতার গ্রেপ্তারি স্থানীয় বিজেপি কর্মীদের মনোবল অনেকটাই বাড়িয়ে দিয়েছে।
তৃণমূল প্রার্থী জাহাঙ্গিরের পাল্টা দাবি
এই উত্তপ্ত আবহের মধ্যেই দীর্ঘ আত্মগোপনের পর শুক্রবার ফলতায় প্রকাশ্যে আসেন এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান। শ্রীরামপুরে তাঁর যে দলীয় কার্যালয়টি বিজেপি কর্মীরা দখল করে দলীয় পতাকা লাগিয়ে দিয়েছিল, সেখানে গিয়েই বসেন তিনি। নিজের অনুপস্থিতি প্রসঙ্গে জাহাঙ্গির খান জানান, রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে প্রশাসন তৃণমূলের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছে। এলাকায় শান্তি বজায় রাখতেই তিনি এতদিন প্রকাশ্যে আসেননি। তবে পুলিশের মধ্যস্থতায় তিনি বাড়ি ফিরেছেন— এই দাবিকে সম্পূর্ণরূপে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন তিনি।
