‘শুভেন্দুর সরকারই দেবে মেয়ের বিচার!’ বিশ্বাস তমন্নার মায়ের – এবেলা
এবেলা ডেস্কঃ
কৃষ্ণনগর: “আগের সরকার থাকলে বিচার পেতামই না। আশা করছি বর্তমান সরকারের কাছে এবার বিচার মিলবে।” মেয়ে খুনের সুবিচার চেয়ে এভাবেই রাজ্যের নতুন সরকারের ওপর পূর্ণ আস্থা প্রকাশ করলেন নদিয়ার কালীগঞ্জের মৃত শিশু তমন্নার মা সাবিনা ইয়াসমিন। শনিবার কৃষ্ণনগর পুলিশ জেলার এসপি-র সঙ্গে দেখা করার পর, শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বর্তমান সরকারের ভূয়সী প্রশংসা শোনা গেল তাঁর গলায়।
২০২৫ সালের ২৩ জুন। নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল ঘোষণার দিন এক মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়েছিল রাজ্য। অভিযোগ, ফলপ্রকাশের আগে তৃণমূল কংগ্রেসের একটি মিছিল থেকে তমন্নাদের বাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি বোমা ছোড়া হয়। সেই বোমার আঘাতেই মৃত্যু হয় ৯ বছরের নিষ্পাপ শিশু তমন্নার। মেয়ের মৃত্যুর পর ২৪ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন মা সাবিনা ইয়াসমিন।
গত ১০ সেপ্টেম্বর পুলিশ এই মামলার চার্জশিট জমা দেয়, যেখানে মূল অভিযুক্ত দয়াল শেখসহ ১০ জনের নাম ছিল। তবে পরিবারের অভিযোগ ছিল, বহু অভিযুক্ত এখনও বুক ফুলিয়ে বাইরে ঘুরে বেড়াচ্ছে।
‘২৪ জনেরই শাস্তি চাই’
শনিবার কৃষ্ণনগরের নতুন এসপি, আইপিএস অতুল ভি-র সঙ্গে দেখা করার পর সাবিনা ইয়াসমিন স্পষ্ট জানান, “আমরা ২৪ জনেরই কঠিন শাস্তি চাই। না হলে আমার মেয়ের আত্মা শান্তি পাবে না। রাজ্যে সরকার বদল হওয়ার পর পরিস্থিতি অনেক ভালো হয়েছে। নতুন সরকারের ওপর, বিশেষ করে শুভেন্দুর সরকারের ওপর আমার পুরো বিশ্বাস আছে। স্যর আমাদের ঠিক বিচার দেবেন।”
জানা গেছে, আগামী সপ্তাহে জেলার ডিআইজি পরিদর্শনে আসছেন। মেয়ের খুনের তদন্ত কোন পথে এগোচ্ছে, তা নিয়ে ডিআইজি-র সঙ্গেও কথা বলবেন বলে জানিয়েছেন তমন্নার মা। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রশাসনের হাত ধরে অবশেষে তমন্না খুনের সব অপরাধী শাস্তি পাবে কি না, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।
