শেষ মুহূর্তে মেয়াদ-বৃদ্ধির প্রস্তাব আর নয়, নবান্নের কড়া নির্দেশিকা! – এবেলা

শেষ মুহূর্তে মেয়াদ-বৃদ্ধির প্রস্তাব আর নয়, নবান্নের কড়া নির্দেশিকা! – এবেলা

এবেলা ডেস্কঃ

টেন্ডার প্রক্রিয়ায় স্বচ্ছতা ফেরাতে এবং প্রশাসনিক দক্ষতা বাড়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। নিরাপত্তা, সাফাই, হাউসকিপিং ও ডায়েট সরবরাহকারী সংস্থা নিয়োগের ক্ষেত্রে অর্থ দফতর থেকে একটি নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। বৃহস্পতিবার জারি করা এই বিজ্ঞপ্তি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

কড়া নজরদারি মেয়াদ বৃদ্ধির প্রস্তাবে

অতীতে শেষ মুহূর্তে এসে বিভিন্ন এজেন্সির চুক্তির মেয়াদ বৃদ্ধির প্রস্তাব পাঠানোর প্রবণতা দেখা যেত এবং তা নিয়ে নানা স্বজনপোষণের অভিযোগ উঠত। এই ধরনের অনিয়মে লাগাম টানতেই অর্থ দফতরের এই কড়া পদক্ষেপ। নতুন নির্দেশিকা অনুযায়ী, এখন থেকে যেকোনো পরিষেবার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কমপক্ষে তিন মাস আগে নতুন টেন্ডার প্রক্রিয়া শুরু করতে হবে সব প্রশাসনিক দফতরকে। পাশাপাশি, স্বচ্ছতা বজায় রাখতে সংশ্লিষ্ট পরিষেবার সমস্ত টেন্ডার সরকারি GeM (Government e-Marketplace) পোর্টালের মাধ্যমে সম্পন্ন করার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে।

নবান্ন সূত্রে খবর, ভবিষ্যতে শেষ মুহূর্তের মেয়াদ বৃদ্ধির প্রস্তাবগুলো সাধারণভাবে আর বিবেচনা করা হবে না। শুধুমাত্র অত্যন্ত জরুরি এবং ব্যতিক্রমী পরিস্থিতিতেই এ ধরনের আবেদন গ্রাহ্য হবে। অর্থ দফতরের অতিরিক্ত মুখ্যসচিব পি. কে. মিশ্র স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

স্বচ্ছতা ফেরানোর উদ্যোগ

পূর্বতন সরকারের আমলে টেন্ডার প্রক্রিয়ায় দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ সামনে এসেছিল। প্রশাসনিক মহলের মতে, নতুন এই নির্দেশিকা কার্যকর হওয়ার ফলে প্রশাসনিক কাজে যেমন গতি আসবে, তেমনই দুর্নীতির সুযোগও অনেকটাই কমে যাবে। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন সংস্থা নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন হলে নিরাপত্তা বা সাফাইয়ের মতো জরুরি পরিষেবাগুলোতেও কোনো বিঘ্ন ঘটবে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *