ষষ্ঠ প্রজন্মের চালকহীন যুদ্ধবিমানের ব্লুপ্রিন্ট কি বদলে দিতে চলেছে বিশ্ব রাজনীতি? – এবেলা

এবেলা ডেস্কঃ
চালকহীন যুদ্ধবিমান ও কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর ড্রোন তৈরির উচ্চাভিলাষী প্রকল্প ‘ফিউচার কমব্যাট এয়ার সিস্টেম’ বা এফসিএএস-এ ফ্রান্সের পাশে ভারতের যোগদানের সম্ভাবনা জোরালো হচ্ছে। ২০১৭ সালে ফ্রান্স ও জার্মানির যৌথ উদ্যোগে শুরু হওয়া এই প্রকল্পে পরবর্তীতে স্পেন যুক্ত হলেও, নিয়ন্ত্রণ ও নেতৃত্ব নিয়ে ফরাসি সংস্থা দাসো অ্যাভিয়েশন এবং জার্মানির এয়ারবাসের দীর্ঘ মতবিরোধ দেখা দেয়। অবশেষে চলতি বছরের জুন মাসে জার্মানি এই প্রকল্প থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর পর, ফ্রান্সের নতুন কৌশলগত অংশীদার হিসেবে ভারতের নাম জোরালোভাবে উঠে আসছে।
গত জুনে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের পরই দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতায় নতুন দিগন্তের উন্মোচন হয়েছে। ২০২৮ থেকে ২০২৯ সালের মধ্যে ষষ্ঠ প্রজন্মের এই যুদ্ধবিমান প্রস্তুত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ভারত নিজস্ব পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরির পাশাপাশি ভবিষ্যৎ সামরিক প্রযুক্তিতে প্রবেশ করতে আগ্রহী হওয়ায়, ফরাসি প্রতিরক্ষা মহলের নজর এখন নয়াদিল্লির দিকেই। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং পুরো বিষয়টি বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনাস্তরে রয়েছে।
