সপ্তম বেতন কমিশনের প্রস্তুতি: রাজ্যের মাদ্রাসার শিক্ষক ও কর্মীদের তথ্য তলব

সপ্তম বেতন কমিশনের প্রস্তুতি: রাজ্যের মাদ্রাসার শিক্ষক ও কর্মীদের তথ্য তলব

সপ্তম বেতন কমিশনের কাজের সুবিধার্থে রাজ্যের মাদ্রাসাগুলির শিক্ষক ও অশিক্ষক কর্মীদের বিস্তারিত তথ্য তলব করল রাজ্য সরকার। সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের গত ৩০ সেপ্টেম্বরের নির্দেশিকার ভিত্তিতে এই প্রক্রিয়া শুরু হয়েছে। প্রতিটি জেলার স্কুল পরিদর্শকদের নির্দেশ দেওয়া হয়েছে, আগামী ২৭ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কর্মীদের যাবতীয় তথ্য সংগ্রহ করে মাদ্রাসা শিক্ষা অধিকর্তার দফতরে জমা দিতে হবে।

পুরো বিষয়টি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য জেলা স্তরে নজরদারির ব্যবস্থাও রাখা হয়েছে। এই প্রক্রিয়ার প্রতিলিপি সমস্ত জেলার অতিরিক্ত জেলাশাসক (সংখ্যালঘু) এবং জেলা সংখ্যালঘু বিষয়ক আধিকারিকদের কাছে পাঠানো হয়েছে। অতিরিক্ত জেলাশাসকদের স্কুল পরিদর্শকদের কাজের ওপর নজর রাখতে বলা হয়েছে এবং জেলা সংখ্যালঘু বিষয়ক আধিকারিকদের স্কুল পরিদর্শকদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, সপ্তম বেতন কমিশনের জন্য দাবি ও প্রস্তাব জমা দেওয়ার সময়সীমাও বৃদ্ধি করেছে রাজ্য। রাজ্য সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্তরা এখন আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বেতন, ভাতা, পদোন্নতি এবং অবসরকালীন সুযোগ-সুবিধা সংক্রান্ত মতামত জমা দিতে পারবেন। কমিশন সূত্রে জানা গেছে, নতুন করে বেশ কিছু আধা-সরকারি প্রতিষ্ঠান ও সংস্থার কর্মীদেরও এই কমিশনের আওতায় আনা হয়েছে। বিভিন্ন কর্মচারী সংগঠনের আবেদনের প্রেক্ষিতেই সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *