সপ্তম বেতন কমিশনে বড় ধাক্কা! মহার্ঘ ভাতা বৃদ্ধির মুখেই কেন বাদ পড়লেন ১৫ হাজার কর্মী? – এবেলা

এবেলা ডেস্কঃ
পশ্চিমবঙ্গে সপ্তম বেতন কমিশন কার্যকর হওয়ার দোড়গোড়ায় দাঁড়িয়েই নেমে এল আশঙ্কার কালো মেঘ। রাজ্য সরকারের প্রকাশিত সাম্প্রতিক নির্দেশিকা ও তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, নয়া বেতন কমিশনের আওতা থেকে বাদ পড়তে চলেছেন রাজ্যের প্রায় ১৫ হাজার অশিক্ষক কর্মী। এই তালিকায় রয়েছে রাজ্যের ২৫টি সরকারি বিশ্ববিদ্যালয়, মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবং মাদ্রাসা শিক্ষা পর্ষদের কর্মচারীরা। শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও পদস্থ আধিকারিকেরা এই নতুন কাঠামোর সুবিধা পেলেও, সমপরিমাণ দায়িত্ব পালন করা অশিক্ষক কর্মীদের এভাবে বাইরে রাখায় তীব্র ক্ষোভ ছড়িয়েছে কর্মী মহলে।
আসন্ন বেতন বৃদ্ধিতে বঞ্চনার এই চিত্র সামনে আসতেই রাজ্য জুড়ে কর্মচারীদের মধ্যে প্রবল অসন্তোষ সৃষ্টি হয়েছে। পে কমিশনের সুবিধা নিশ্চিত করার দাবিতে ইতিমধ্যেই সরব হয়েছেন বঞ্চিত কর্মীরা। রাজ্য সরকার যেখানে সরকারি কর্মীদের সুযোগ-সুবিধা পর্যালোচনা ও পরামর্শ গ্রহণের জন্য বিশেষ ওয়েবসাইট তৈরি করেছে, সেখানে এত বিপুল সংখ্যক কর্মীকে তালিকার বাইরে রাখা নিয়ে প্রশ্ন উঠছে। সব ঠিক থাকলে খুব শীঘ্রই এই নতুন বেতন কমিশন কার্যকর হওয়ার কথা, অথচ তার আগেই হাজার হাজার পরিবারের ভবিષ્યত ও আর্থিক নিরাপত্তা অনিশ্চয়তার মুখে পড়ল।
