সব্যসাচী দত্তের মামলায় ইডির তল্লাশি, ভবানীভবনে তলব টুলু মণ্ডলকে

দুর্নীতির অভিযোগে সব্যসাচী দত্তের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় শুক্রবার ১২টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কলকাতা, সল্টলেক এবং লেকটাউনের বিভিন্ন আবাসন, অফিস ও ব্যবসায়ীদের ঠিকানায় এই অভিযান চালানো হচ্ছে। এর আগে রাজ্য পুলিশ এই মামলায় প্রাক্তন বিধায়ককে হেফাজতে নিয়েছিল এবং বিপুল পরিমাণ নগদ টাকা ও সাড়ে চার কোটি টাকা মূল্যের সোনা উদ্ধার করেছিল। সেই ঘটনার সূত্র ধরেই ইডি ইসিআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া ওই বিপুল পরিমাণ সোনা দুর্নীতির টাকায় কেনা হয়েছিল। আর্থিক তছরুপের এই ঘটনায় অর্থের উৎস এবং লেনদেনের ধরন খতিয়ে দেখছেন তদন্তকারীরা। রাজ্য পুলিশের কাছ থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতেই এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে। সব্যসাচী দত্ত বর্তমানে এই মামলায় শর্তাধীন জামিনে রয়েছেন।
অন্যদিকে, বীরভূমের পাথর ব্যবসায়ী নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলকে ভবানীভবনে তলব করেছে রাজ্য পুলিশ। গত বছরের ১৬ নভেম্বর রাজারহাটে গাড়ি থেকে পাঁচ কোটি টাকা উদ্ধারের ঘটনায় তাঁর নাম উঠে আসে। সেই সংক্রান্ত জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার দুপুর ২টোর আগেই তিনি ভবানীভবনের স্পেশাল অপারেশন গ্রুপ বিভাগে হাজিরা দেন। উল্লেখ্য, টুলু মণ্ডলের আগাম জামিনের মামলার শুনানি আগামী ২৬ নভেম্বর পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।
