সমুদ্রে ট্রলারডুবিতে মৃত ৯ মৎস্যজীবীর পরিবার পেল হোমগার্ডের চাকরি! – এবেলা
.jpeg.webp?ssl=1)
এবেলা ডেস্কঃ
চলতি বছরের জুলাই মাসে বঙ্গোপসাগরে ‘জয় মা কালী’ ট্রলার দুর্ঘটনায় প্রাণ হারানো মৎস্যজীবীদের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি রক্ষা করল রাজ্য সরকার। আজ দিঘা থানায় আয়োজিত এক অনুষ্ঠানে মৃত ৯ জন মৎস্যজীবীর পরিবারের এক জন করে সদস্যের হাতে হোম গার্ডের নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে তিনি জানান, পরিবারের প্রতি সহমর্মিতা ও পাশে থাকার সরকারের এই অঙ্গীকার আগামী দিনেও অব্যাহত থাকবে। পূর্ব মেদিনীপুরের শঙ্করপুর মৎস্যবন্দর থেকে গত ২ জুলাই ১৫ জন মৎস্যজীবীসহ সমুদ্রে পাড়ি দিয়েছিল ট্রলারটি। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ট্রলারটি নিখোঁজ হওয়ার পর টানা আট দিন অনুসন্ধানের পর বকখালি উপকূলের কাছে সেটির সন্ধান মেলে এবং ভিতর থেকে ৯ জন মৎস্যজীবীর মৃতদেহ উদ্ধার করা হয়।
দুর্ঘটনার পর পরই রাজ্য সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকার আর্থিক সাহায্য ও পরিবারের যোগ্য সদস্যদের চাকরির আশ্বাস দেওয়া হয়েছিল। পাশাপাশি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের নিকটাত্মীয়কে ২ লক্ষ টাকা এবং আহতদের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছিলেন। প্রশাসনের প্রাথমিক অনুমান, সমুদ্রে তীব্র দুর্যোগের কবলেই ট্রলারটি উল্টে গিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল। কথাম মতো আজ সেই শোকগ্রস্ত পরিবারগুলির হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়ে তাদের দীর্ঘমেয়াদী পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করল প্রশাসন।
