সরকারি কর্মীরা অগ্রিম বেতন পাবেন এবার, আপনি জানেন কি আবেদনের নিয়ম?

রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ‘স্যালারি অ্যাডভান্স স্কিম’ চালু, মিলবে বিশেষ সুবিধা
নিজস্ব প্রতিবেদক: রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর নিয়ে এল অর্থদপ্তর। মঙ্গলবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে রাজ্য সরকার আনুষ্ঠানিকভাবে ‘স্যালারি অ্যাডভান্স স্কিম’ চালুর কথা ঘোষণা করেছে। এর ফলে কর্মচারীরা প্রয়োজনে অগ্রিম বেতনের সুবিধা নিতে পারবেন।
কারা পাবেন এই সুবিধা?
আপাতত প্রথম পর্যায়ে ‘গ্রুপ এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’—সকল শ্রেণির সরকারি কর্মচারীই এই সুবিধার আওতায় আসছেন। যেসব কর্মচারী বর্তমানে ট্রেজারি বা পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিসের অধীনে এইচআরএমএস (HRMS) এবং ডব্লিউবিআইএফএমএস (WBIFMS) পোর্টালের মাধ্যমে বেতন পান, তাঁরা সরাসরি এই সুবিধা পাবেন। পরবর্তী পর্যায়ে ধাপে ধাপে অন্যদেরও এই অন্তর্ভুক্ত করা হবে।
সুবিধার ধরন ও নিয়মাবলি:
এই প্রকল্পে দুই ধরনের অগ্রিম বা ঋণের ব্যবস্থা রাখা হয়েছে:
১. স্বল্পমেয়াদি অগ্রিম (Short-term Advance):
- পরিমাণ: কর্মচারীর নেট বেতনের (সব ধরনের কর্তনের পর হাতে পাওয়া বেতন) সর্বোচ্চ ৫০ শতাংশ।
- পরিশোধ: সর্বোচ্চ ৬০ দিনের মধ্যে অর্থাৎ একই মাসে বা পরের মাসের বেতন থেকে এই টাকা কেটে নেওয়া হবে।
- সুদ ও ফি: সময়মতো টাকা শোধ করলে কোনো সুদ দিতে হবে না। এছাড়া কোনো প্রসেসিং বা প্ল্যাটফর্ম ফি নেই। তবে বিলম্বে পরিশোধ করলে সর্বোচ্চ ১ শতাংশ ফি (জিএসটিসহ) ধার্য করা হতে পারে। সরকারি বা ডিডিও-র গাফিলতিতে দেরি হলে এই ফি প্রযোজ্য হবে না।
২. মাল্টি-মান্থ অ্যাডভান্স (Multi-month Advance):
- ক্রেডিট লিমিট: নেট বেতনের সর্বোচ্চ ৩০ গুণ পর্যন্ত এই সুবিধা পাওয়া যাবে। তবে এটি আবেদনের ঊর্ধ্বসীমা মাত্র, ব্যাংকের ঝুঁকি মূল্যায়নের ওপর ভিত্তি করে চূড়ান্ত ঋণ নির্ধারিত হবে।
- ইএমআই (EMI): কর্মচারীর সমস্ত ইএমআই মিলিয়ে মাসিক কিস্তির পরিমাণ নেট বেতনের ৫০ শতাংশের বেশি হতে পারবে না।
অন্যান্য শর্তাবলি:
- একসময়ে একটিমাত্র ঋণ বা অগ্রিম চালু রাখা যাবে। চলমান কোনো ঋণের পাশাপাশি নতুন করে কোনো শর্ট-টার্ম অ্যাডভান্স নেওয়া যাবে না।
- নির্ধারিত সময়ের আগে ঋণ পরিশোধ করলে কোনো ‘ফোরক্লোজার চার্জ’ দিতে হবে না।
আগ্রহী কর্মচারীদের আবেদন করার আগে সংশ্লিষ্ট দপ্তরের বিজ্ঞপ্তিটি বিস্তারিত দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
