সরকারি ত্রাণ লুটের হদিশ! তৃণমূল উপপ্রধানের বাড়ি থেকে উদ্ধার বিপুল ত্রিপল ও কম্বল – এবেলা

এবেলা ডেস্কঃ
হুগলি: বিপুল পরিমাণ সরকারি ত্রাণের সামগ্রী ঘরে লুকিয়ে রাখার অভিযোগে এবার পুলিশের স্ক্যানারে তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান। রবিবার হুগলির আখনা পঞ্চায়েতের উপপ্রধান নির্মল ঘোষের ননিপুরের বাড়িতে আচমকাই হানা দেয় পোলবা থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। আর সেই তল্লাশিতেই উদ্ধার হয়েছে সরকারি ত্রাণের স্তূপ।
পুলিশ সূত্রে খবর, ওই তৃণমূল নেতার বাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল, কম্বল, শীতের পোশাক এবং স্কুল ব্যাগ উদ্ধার করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, গরিব মানুষের জন্য আসা সরকারি ত্রাণের সামগ্রী নিজের ক্ষমতার দাপট দেখিয়ে বাড়িতে জমিয়ে রেখেছিলেন ওই উপপ্রধান।
আখনা পঞ্চায়েতের সাধারণ মানুষের ক্ষোভ, যখনই সাধারণ মানুষ বিপদে পড়ে ত্রাণের খোঁজ করেছেন, তখনই তা দেওয়া হয়নি। অথচ নেতার বাড়িতেই মজুত ছিল সরকারি সম্পত্তি। অভিযুক্ত তৃণমূল উপপ্রধান নির্মল ঘোষের বিরুদ্ধে ইতিমধ্যেই সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পূর্ণাঙ্গ তদন্ত ও তল্লাশি অভিযান শুরু করেছে পোলবা থানার পুলিশ।
