সিটং কাণ্ড: বার্বিকিউতে কেরোসিন না মারাত্মক কেমিক্যাল? তদন্তে ফরেন্সিক, বন্ধ হোমস্টে! – এবেলা

এবেলা ডেস্কঃ
September 20, 20266:18 pm
সিটং (দার্জিলিং): পাহাড় ভ্রমণের আনন্দ নিমেষেই বদলে গেল বিভীষিকাময় ট্র্যাজেডিতে। দার্জিলিংয়ের সিটংয়ের এক হোমস্টেতে বার্বিকিউ করতে গিয়ে আগুনে মারাত্মকভাবে ঝলসে গিয়েছেন নববিবাহিতা তরুণী পর্যটক। কিন্তু এই দুর্ঘটনার নেপথ্যে আসল কারণ কী? বার্বিকিউর আগুনে কেরোসিন ঢালা হয়েছিল, না কি অন্য কোনো মারাত্মক রাসায়নিক? সত্য উদঘাটনে এবার মাঠে নামল ফরেন্সিক টিম।
রহস্যজনক তরল ও পুলিশের বড় পদক্ষেপ হোমস্টের মালিক নেহাল আইরন দাবি করেছেন, বার্বিকিউর আগুনে কেবল কেরোসিন ঢালা হয়েছিল। তবে সাধারণ বার্বিকিউতে কেন অনভিজ্ঞ হাতে কেরোসিন ঢালা হলো এবং দাহ্য তরলটি আদতে কী ছিল, তা নিয়ে জোরালো প্রশ্ন উঠেছে। তদন্তকারীদের মতে, বার্বিকিউ করার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীর প্রয়োজন হয়।
ইতিমধ্যেই কার্শিয়াং থানার পুলিশ দুর্ঘটনাস্থল থেকে সেই তরল পদার্থের নমুনা সংগ্রহ করে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠিয়েছে। পাশাপাশি, সিটংয়ের ওই হোমস্টেটি আপাতত পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। দার্জিলিংয়ের পুলিশ সুপার ওয়াইএস জগন্নাথ রাও জানান, “তদন্তের নিরপেক্ষতা ও সঠিক তথ্য প্রমাণের স্বার্থেই ফরেন্সিক সাহায্য নেওয়া হচ্ছে।”
মালিক ও কর্মীসহ গ্রেপ্তার ৪ এই মর্মান্তিক ঘটনায় পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে হোমস্টের মালিক এবং কর্মীসহ মোট ৪ জনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের মধ্যে নাসিরুদ্দিন নামে সেই কর্মীও রয়েছে, যে বার্বিকিউয়ে তরল দাহ্য ঢেলেছিল। আদালতের নির্দেশে ধৃতরা এখন পুলিশি হেফাজতে রয়েছে।
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে কনে, আনা হতে পারে কলকাতায় আগুনে পুড়ে মারাত্মক জখম হওয়া তরুণী পর্যটক নিকিতা সাহা বর্তমানে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। পরিবার সূত্রে খবর, আগুনে তাঁর শরীরের অন্তত ৫০ শতাংশ দগ্ধ হয়েছে এবং তাঁর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তাঁকে বাঁচাতে গিয়ে জখম হয়েছেন তাঁর স্বামী সৌভিক দাসও। শারীরিক পরিস্থিতির অবনতি ঘটায় তরুণীকে দ্রুত কলকাতার এসএসকেএম (SSKM) হাসপাতালে স্থানান্তরিত করার চিন্তাভাবনা করছেন তাঁর পরিবারের সদস্যরা।
