সিন্ডিকেটরাজ খতমের হুঙ্কার প্রধানমন্ত্রীর, আত্মসমর্পণ না করলে বিপদ নিশ্চিত!

বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে ২৬-এর বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করে রাজ্য তৃণমূল সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যে চলা ‘সিন্ডিকেটরাজ’ ও দুর্নীতির অভিযোগ তুলে তিনি দাবি করেন, তৃণমূল নেতৃত্বের বর্তমান আচরণের মাধ্যমেই তাদের পরাজয়ের ভয় স্পষ্ট হচ্ছে। প্রধানমন্ত্রীর মতে, ৪ মের নির্বাচনের ফলাফলের পরই রাজ্যে বিজেপি সরকার গঠিত হবে এবং তখন কোনো দুর্নীতিগ্রস্ত নেতা বা মাফিয়াদের রেয়াত করা হবে না।
মহিলা সংরক্ষণ বিলের বিরোধিতার জন্য তৃণমূল ও কংগ্রেসের যোগসাজশকে দায়ী করে প্রধানমন্ত্রী অভিযোগ করেন, বাংলার মহিলারা যাতে আইনসভায় প্রতিনিধিত্ব করতে না পারেন, সেই চক্রান্তই করা হয়েছে। উন্নয়নের স্বার্থে রাজ্যে ‘ডবল ইঞ্জিন’ সরকার গঠনের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে তিনি জনতাকে তৃণমূলের ‘জঙ্গলরাজ’ থেকে বেরিয়ে আসার ডাক দেন। এদিনের জনসভায় উপস্থিত জনতাকে ‘বাংলার আসল বাঘ’ হিসেবে অভিহিত করে তিনি ৪ মের নির্বাচনের ফলাফলের আগেই অভিযুক্তদের দ্রুত আত্মসমর্পণের কড়া বার্তা দেন।
