সেনার গোপন চালচলনে নজর আইএসআইয়ের! স্টেশন থেকে লাইভ ফিডের চাঞ্চল্যকর চক্রান্ত ফাঁস – এবেলা

এবেলা ডেস্কঃ
দেশের সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ আনাগোনার ওপর নজরদারি চালাতে এক ভয়াবহ চক্রান্তের ছক কষেছিল পাক জঙ্গি রানা রউফ খালিদ। গোয়েন্দা জিজ্ঞাসাবাদে উঠে এসেছে, দেশের যেসব রেলস্টেশনে সেনার গতিবিধি বেশি, সেখানে কর্ডলেস ও সিমবেসড সোলার ক্যামেরা বসানোর পরিকল্পনা ছিল তার। এর মাধ্যমে লাইভ ভিডিও ফিড সরাসরি পৌঁছে যেত পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের হাতে। এই কাজ সফল করতে আইএসআই থেকে সরাসরি বিপুল টাকাও জোগাড় করেছিল রানা। শুধু তা-ই নয়, স্টেশনের সিসিটিভি ক্যামেরা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা আউটসোর্সিং কর্মচারীদের টাকার প্রলোভন দেখিয়ে সেনার সংবেদনশীল ফুটেজ জোগাড় করার চেষ্টাও চালাচ্ছিল এই পাক চর।
তদন্তকারীদের দাবি, গত ১৪ বছরে রানার মাধ্যমে ভারতে প্রায় ১০০ জন এজেন্ট সক্রিয় হয়েছে, যাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মগজধোলাই করা হয়েছিল। তার সহযোগী ইজাজের সাহায্যে ভুয়া আধার, প্যান ও ভোটার কার্ড তৈরি করে বাংলাদেশ ও পাকিস্তানের চরদের ভারতে প্রবেশ করানো হতো। অভিযুক্তরা সেনার মুভমেন্ট সংক্রান্ত তথ্য হোয়াটসঅ্যাপে পাকিস্তানের হ্যান্ডলারদের পাঠাত। এই নেটওয়ার্ককে অর্থ জোগাতে হাওয়ালা ও বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করা হয়েছে। আপাতত রানা ও তার সহযোগীদের গ্রেফতার করে এই আন্তর্জাতিক চরবৃত্তির পুরো চক্রটিকে মূলসহ উপড়ে ফেলতে জোড়াতাল তদারকি চালাচ্ছেন ভারতীয় গোয়েন্দারা।
