সোয়াইন ফ্লুর দাপটে কাঁপছে যোগী রাজ্য, পরিস্থিতি সামলাতে লখনউ থেকে মাঠ নামলেন স্বাস্থ্যমন্ত্রী – এবেলা

সোয়াইন ফ্লুর দাপটে কাঁপছে যোগী রাজ্য, পরিস্থিতি সামলাতে লখনউ থেকে মাঠ নামলেন স্বাস্থ্যমন্ত্রী – এবেলা

এবেলা ডেস্কঃ

উত্তরপ্রদেশে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে H1N1 (সোয়াইন ফ্লু) এবং মৌসুমি ফ্লুর সংক্রমণ। বিশেষ করে লখনউ এবং রাজ্যটির পশ্চিমাঞ্চলে হঠাৎ করেই ভাইরাল জ্বরে আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় পুরো রাজ্য জুড়েই হাইঅ্যালার্ট জারি করেছে যোগী সরকার।

পরিস্থিতি পর্যালোচনা করতে শনিবার রাজ্য স্বাস্থ্য ভবনে জেলা স্বাস্থ্য কর্মকর্তা (CMO) এবং মেডিকেল কলেজের অধ্যক্ষদের নিয়ে জরুরি বৈঠক করেন উপ-মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী ব্রিজেশ পাঠক। বৈঠকে হাসপাতালগুলিতে পর্যাপ্ত ওষুধ, বেড এবং চিকিৎসকদের উপস্থিতি সুনিশ্চিত করার কঠোর নির্দেশ দেওয়া হয়। এছাড়া, টেস্টের ক্ষেত্রে প্যাথলজি সেন্টারগুলি যাতে নির্ধারিত ফি-এর অতিরিক্ত অর্থ আদায় করতে না পারে, সে বিষয়ে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে—অতিরিক্ত ফি নিলে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে।

রাজ্যে ওষুধের পর্যাপ্ত জোগান রয়েছে জানিয়ে প্রশাসন জানিয়েছে, অনুমোদন ছাড়া সরকারি স্বাস্থ্য আধিকারিকদের ছুটি নেওয়া আপাতত বন্ধ। এর আগে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও সব জেলার জেলা শাসকদের সোয়াইন ফ্লু প্রতিরোধে সতর্ক থাকার নির্দেশ দেন। রাজ্যবাসীকে অযথা আতঙ্কিত না হয়ে, কোনো উপসর্গ দেখা দিলেই দ্রুত চিকিৎসা ও রক্ত পরীক্ষা করানোর পরমর্শ দিয়েছে স্বাস্থ্য দফতর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *